বাড্ডায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
রাজধানীর বাড্ডা এলাকায় গতকাল শুক্রবার সকালে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম রওশন আরা (৩০)। এ ঘটনায় পুলিশ রওশন আরার স্বামী মোহাম্মদ ফারুককে গ্রেপ্তার করেছে।ফারুকের দাবি, রওশন আরা অসুস্থ হয়ে মারা গেছেন। তবে নিহত রওশন আরার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রওশন আরা স্বামী ও দুই সন্তান নিয়ে স্বাধীনতা সরণি সড়ক এলাকায় একটি টিনশেডের বাসায় থাকতেন। তিনি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। গতকাল সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে। লাশ উপুড় অবস্থায় মাটিতে পড়ে ছিল।রওশনের মামা আজিজুর রহমান অভিযোগ করেন, ফারুক ব্যবসার টাকা জুয়ায় খাটাত। রওশন আরার কাছ থেকেও সে প্রায় সময় জোরপূর্বক টাকা নিত। টাকা না দিলে মারধর করত। জুয়ার টাকা না দেওয়ায় রওশনকে তাঁর স্বামী ফারুক শ্বাসরোধে হত্যা করেছে। তাঁরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে ফারুক দাবি করেন, গতকাল রাত দেড়টার দিকে রওশন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অনেক চেষ্টার পর ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসক আনা হয়। ততোক্ষণে রওশন মারা যান। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণও স্পষ্ট নয়। রওশনের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৫৪ ধারায় ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।সূত্র জানায়, রওশনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের উলুহাটি গ্রামে। তাঁর বাবার নাম জয়নাল আবেদীন।