বাড্ডায় জমির খাজনা আদায় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা মৌজাতে তিন বছর ধরে ভূমির খাজনা আদায় বন্ধ হয়ে আছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি প্রয়োজনে বিভিন্ন সময় ভূমি অধিগ্রহণ করা হয়। কিন্তু এরপর পুনরায় গেজেট প্রকাশের মাধ্যমে ভূমি অবমুক্ত করা হয়নি। এ কারণে তিন বছর ধরে এই মৌজার সংশ্লিষ্ট কয়েকটি এলাকার সব ধরনের খাজনা আদায় বন্ধ হয়ে আছে। এদিকে খাজনার রসিদ না থাকার কারণে জমিসংক্রান্ত কাজ করতে গিয়ে নানা রকম ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা।
বাড্ডা মৌজা এলাকার বাসিন্দারা বলেন, নিয়মিত খাজনা পরিশোধের রসিদ না থাকার কারণে জমিসংক্রান্ত কাজ করতে গিয়ে তাঁরা ভোগান্তিতে পড়ছেন। খাজনা না দেওয়ার কারণে তাঁদের কাছে খাজনা পরিশোধের রসিদও নেই। এই রসিদ না থাকায় তাঁরা কেউ কেউ জমি বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়ছেন। কারও কারও বসতবাড়ির নকশা অনুমোদন আটকে আছে। এমনকি বসতবাড়ি নির্মাণের জন্য ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ গ্রহণ করতেও পারছেন না বাড়ির মালিকেরা।
উত্তর বাড্ডা এলাকার বাসিন্দা শহীদুল্লাহ অভিযোগ করে বলেন, ‘জরুরি প্রয়োজনে জমি বিক্রি করা দরকার। কিন্তু খাজনা পরিশোধের রসিদ না থাকায় বিক্রি করা যাচ্ছে না, জমি নিয়ে অনেক ভোগান্তিতে আছি।’ একই সমস্যায় ভুগছেন মধ্য বাড্ডার বাসিন্দা গাফফার মোল্লা।
বাড্ডা ভূমি অফিস সূত্রে জানা যায়, বর্তমানে বাড্ডা মৌজার এসএ ৩ নম্বর খাতিয়ানভুক্ত সম্পত্তি, অর্থাৎ ৯১/৫৭-৫৮ ও ১৩৮/৬১-৬২ নম্বর এলএ কেসভুক্ত সব সম্পত্তির নামজারি ও ভূমি উন্নয়নের কর আদায় কার্যক্রম স্থগিত আছে। তিন বছর আগে ২০১৩ সালে এক সরকারি আদেশে বাড্ডা মৌজার এই ভূমিগুলোর খাজনা আদায় স্থগিত করা হয়।
বাড্ডা আঞ্চলিক ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাড্ডাসহ এই কার্যালয়ের সংশ্লিষ্ট আরও কয়েকটি এলাকার আনুমানিক প্রায় ৬০২ একর জায়গার খাজনা আদায় বর্তমানে স্থগিত আছে। এ এলাকাগুলোর বাসিন্দাদের কাছে প্রায় দুই কোটি টাকা খাজনা আদায় বকেয়া হয়েছে। যত দেরি হবে, সুদসহ বকেয়া খাজনার পরিমাণ বেড়ে যাবে। তখন এই বকেয়া খাজনা পরিশোধ করা বাসিন্দাদের জন্য কষ্টকর হয়ে উঠবে।
ভূমি অফিস ও বাসিন্দারা জানান, বিভিন্ন সময় মৌজার জমিগুলো সরকার অধিগ্রহণ করে। তবে সব সম্পত্তি কাজে লাগানো হয়নি। বাসিন্দাদের দেওয়া অর্থ ফেরতের বিনিময়ে পুনরায় তা অবমুক্ত করা হয়। অবমুক্তকরণ বিষয়ে সে সময় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। কিন্তু এ অবমুক্তির আদেশ সে সময় গেজেট আকারে প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ভূমিগুলো পুনরায় ব্যক্তিমালিকানায় রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়া ২০১৩ সাল পর্যন্ত চলমান ছিল। কিন্তু পরবর্তী সময়ে ভূমি অবমুক্তির আদেশ গেজেট আকারে প্রকাশ না হওয়ার কারণ দেখিয়ে জমিগুলোর খাজনা আদায়সংক্রান্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বাড্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, তিন বছর ধরে খাজনা আদায় বন্ধ থাকায় বাসিন্দাদের কাছে সরকার অনেক টাকা বকেয়া আছে। এলাকাবাসীও এ নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। এই সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।