বাড্ডায় ঝিলে ডুবে দুই ছাত্রের মৃত্যু
রাজধানীর বাড্ডার আফতাবনগর প্রকল্পের ঝিলে ডুবে গতকাল শনিবার দুপুরে দুই স্কুলছাত্র মারা গেছে। তারা হলো মগবাজার টিঅ্যান্ডটি স্কুলের দশম শ্রেণীর কায়সার আহমেদ (১৪) ও তার সহপাঠী তুষার আহমেদ (১৪)। এ ছাড়া নগরে আরও দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কায়সার আহমেদ ১০/ই/৬/ডি, মগবাজারে এবং তুষার আহমেদ পাশের মিরবাগে থাকত। হাসপাতালে কায়সার ও তুষারের সহপাঠীরা জানায়, প্রতিদিনের মতোই তারা গতকাল স্কুলে আসে। মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার কারণে আগেই ছুটি হয়ে যায়। ছুটি শেষে দুই বন্ধু আফতাবনগর প্রকল্পের ঝিলে সাঁতার কাটতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। কায়সারকে ঢাকা মেডিকেল ও তুষারকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে দুই ছাত্রের মৃত্যুর পর মগবাজার টিঅ্যান্ডটি স্কুলে আনন্দের বদলে শোকের ছায়া নেমে আসে।লেকে লাশ: গতকাল সকালে রমনা লেক থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে। তার পরনে ছিল চেক লুঙ্গি। বয়স আনুমানিক ৪০ বছর। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিদুৎস্পৃষ্টে মৃত্যু: গতকাল সকালে ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলে বিদুৎস্পৃষ্ট হয়ে আবদুল হান্নান (৫০) নামে এক শ্রমিক মারা গেছেন। তিনি মেশিন চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।