বাড্ডায় দেয়ালচাপায় দুই শ্রমিক নিহত
রাজধানীর বাড্ডা থানা এলাকায় আজ শনিবার নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় দুজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
নিহত ব্যক্তিরা হলেন আবদুল জলিল (৪২) ও মো. আসলাম (৩৫)। আহত দুই শ্রমিক আবু তালেব ও সাদ্দাম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও বাড্ডা থানার পুলিশ জানায়, বাড্ডা জেনারেল হাসপাতালের পাশে মুন্সির বাড়ি এলাকায় একটি প্রকল্পাধীন ভবনের ১০ কাঠার প্লটে কাজ করছিলেন ছয়-সাতজন শ্রমিক। এরই মধ্যে ওই প্লটে ১০ ফুট নিচু মাটি কাটা হয়েছে। প্লটের পশ্চিম ও উত্তর পাশে তৈরি করা হয়েছে সাত-আট ফুট উঁচু দেয়াল (গাইড ওয়াল)। বেলা পৌনে দুইটার দিকে হঠাত্ করে পশ্চিম পাশের দেয়ালটি ধসে শ্রমিকদের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ওই প্লটের ১০ ফুট মাটি কাটার পর সুরক্ষার জন্য দুই পাশে তৈরি করা হয় দেয়াল। আজ সেখানে পাইলিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। দেয়ালগুলো যেনতেনভাবে নির্মিত হওয়ায় মাটিসহ তার একটি ভেঙে শ্রমিকদের ওপরে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, ওই প্লটের মালিক মহসীন নামের স্থানীয় এক ব্যবসায়ী। তিনিসহ কয়েকজন চিকিত্সকের অর্থায়নে ওই প্লটে একটি হাসপাতাল নির্মাণের কাজ চলছিল।
যোগাযোগ করা হলে মহসীনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক আইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রায় এক মাস আগে দেয়ালগুলো তৈরি করা হয়েছিল।
ঘটনার পর ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১০ ফুট উঁচু অত্যন্ত দীর্ঘ দেয়ালগুলোতে মাঝেমধ্যে স্তম্ভ থাকা দরকার ছিল। কিন্তু দেয়ালগুলোতে তা নেই। ফলে পাশের মাটির ভার সইতে না পেরে একটি ভেঙে পড়েছে। নির্মাণে ত্রুটি থাকায় ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোনো পেশাদার আবাসন প্রতিষ্ঠান কিংবা ঠিকাদার ছাড়াই ওই ভবনটির কাজ চলছিল বলে জানা গেছে।
এদিকে মৃত্যুর খবর শুনে বাড্ডা থানায় ছুটে যান নিহত আবদুল জলিলের স্ত্রী ও স্বজনেরা। সেখানে তাঁদের আহাজারিতে থানার পরিবেশ ভারী হয়ে উঠে।
জলিলের স্ত্রী রানু বেগম প্রথম আলোকে জানান, জলিলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তবে পরিবার নিয়ে তিনি বাড্ডা এলাকায় থাকতেন। তিনি ছিলেন রডমিস্ত্রি। সাত-আট দিন ধরে তিনি ওই প্লটে কাজ করছিলেন।