বাড্ডায় বালুর নিচ থেকে লাশ উদ্ধার
রাজধানীর বাড্ডা থানা এলাকায় আজ শুক্রবার দুপুরে বালুর নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সূত্রে খবর পেয়ে বেলা দেড়টার দিকে বাড্ডা থানার আফতাব নগর প্রজেক্টের শেষ মাথায় এম ব্লকের একটি মাঠে বালুচাপা অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়। লাশের পুরো শরীর বালুর নিচে ছিল। শুধু পা দেখা যাচ্ছিল। মাঠে গরু চড়াতে গিয়ে রাখালেরা পা দেখতে পেয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশে খবর দেয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আল মামুন প্রথম আলোকে বলেন, লাশের গলায় একটি চাদর প্যাঁচানো ছিল। হাত ছিল পেছন দিক থেকে বাঁধা। পরনে ছিল নীল ও হলুদ রঙের চেক লুঙ্গি, কালো রঙের শার্ট ও খাকি রঙের জ্যাকেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর বালুচাপা দিয়ে রেখেছিল। নিহত ব্যক্তির পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।