বাড্ডায় বাসচাপায় একজন নিহত, সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় আজ সোমবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা আধা ঘণ্টা গুলশান-বাড্ডা সংযোগ সড়ক অবরোধ করে রাখেন। বাসটি ভাঙচুরও করেন তাঁরা।
পুলিশের ট্রাফিক বিভাগের (বাড্ডা) জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহেনশাহ মাহমুদ প্রথম আলোকে বলেন, গাজীপুর-ঢাকা রুটে চলাচলকারী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৩১৫৭) আজ বেলা সোয়া তিনটার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজারের সামনের সড়কে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর এবং প্রায় আধা ঘণ্টা সড়কটি অবরোধ করেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাস চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।