বাড্ডায় বাসে আগুন, মিরপুরে ভাঙচুর
আজ শুক্রবার রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরের পর বাড্ডা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ ও দুটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বিকেলে মিরপুরে একটি বাস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটে।
পুলিশের দাবি জুমার নামাজ শেষে শিবির কর্মীরা বাড্ডা এলাকায় তাণ্ডব চালিয়ে একটি বাসে অগ্নিসংযোগ ও দুটি বাস ভাঙচুর করেছেন। মিরপুরে ছাত্রদলের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানায় পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, জুমার নামাজ শেষে শিবির কর্মীরা উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনের সড়কে বেশ কটি ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণ ঘটান। এ সময় তাঁদের ছোড়া পেট্রলবোমায় আগুন লেগে উইনার পরিবহনের একটি বাস পুড়ে যায়। তাঁরা একটি বিআরটিসির বাসসহ দুটি বাস ভাঙচুর করেন। পরে পুলিশ অন্তত ৩০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয় বলে জানান তিনি।
এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে চারটার দিকে মিরপুর-১০-এর আল হেলাল হাসপাতালের সামনের সড়কে ১০ থেকে ১২ জন যুবক একটি মিছিল বের করেন। এ সময় তাঁরা একটি বাসে ভাঙচুর চালান এবং পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা পালিয়ে যান।
মিরপুর বিভাগীয় পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।