বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্য বাড্ডার জামতলায় নির্মাণাধীন ভবনে গ্রিল বসানোর সময় গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন বাদশা মিয়া (২৪) ও মণির হোসেন (২৫)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বাদশা ও মণির জামতলা-সংলগ্ন স্বাধীনতা সরণিতে বৈশাখী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। প্রতিষ্ঠানটির প্রধান মিস্ত্রি রুবেল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলেন, ওয়ার্কশপের অদূরে একটি নির্মাণাধীন ভবনে গ্রিল লাগানোর কাজ করছিলেন বাদশা ও মণিরসহ চার শ্রমিক। বেলা তিনটার দিকে চার মিস্ত্রি ভবনের চতুর্থ তলার পাশে দাঁড়িয়ে দড়ি দিয়ে গ্রিল টেনে তুলছিলেন। এ সময় সড়কের বিদ্যুতের তারের সঙ্গে গ্রিলের সংস্পর্শ লাগে। এতে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাদশা ও মনিরকে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তিদের সহকর্মীরা বলেন, বাদশার গ্রামের বাড়ি বরগুনার ইটবাড়িয়ার কদমতলা এলাকায়। তার বাবার নাম মোসলেম মীর। মণির হোসেনের গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁরা দুজনই বাড্ডার জামতলা এলাকায় থাকতেন। স্বজনদের কাছে মৃত্যুর খবর জানানো হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। দুজনের মৃত্যুর ঘটনায় কেউ মামলা করতে চাইলে পুলিশ তা নথিভুক্ত করবে।