বাড্ডায় ভাঙাচোরা সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহদাত সরণির বেশ কিছু জায়গায় এ রকম ছোট–বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে l ছবি: প্রথম আলো
শাহদাত সরণির বেশ কিছু জায়গায় এ রকম ছোট–বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে l ছবি: প্রথম আলো

কাঁচাবাজার থেকে কেনাকাটা করে রিকশায় বাড়ি ফিরছিলেন মাহবুব আলম। রিকশার পা রাখার জায়গায় ও হাতে ছয়-সাতটি ব্যাগে বিভিন্ন জিনিসপত্র। মাহবুবকে বহনকারী রিকশা অন্য একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে সড়কের এবড়োখেবড়ো সড়কে প্রায় আধা হাত উঁচু হয়ে থাকা এক ম্যানহোলে চাকা উঠে যায়। তাতে ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়ল রিকশাটি। আর বাজারসমেত মাহাবুব হোসেনও ছিটকে পড়লেন সড়কে। রাস্তায় ছড়িয়ে গেল তাঁর বাজার সদাই।
গতকাল বৃহস্পতিবার মধ্য-দক্ষিণ বাড্ডার শাহদাত সরণিতে দেখা গেল স্থানীয় বাসিন্দার এই দুর্ভোগের দৃশ্য।
ঘুরে দেখা গেল, শুধু এই সড়কই নয়, মধ্য ও দক্ষিণ বাড্ডার ভেতর দিয়ে চলে যাওয়া তিনটি প্রধান ও কয়েকটি সংযোগ সড়ক খানাখন্দে ভরা। প্রায় চলাচলের অনুপযোগী। ঢালাই ও কার্পেটিং উঠে গিয়ে সড়ক হয়ে গেছে উঁচু-নিচু। কোথাও কোথাও জমে আছে পানি আর প্যাঁচপ্যাঁচে কাদা। সড়কগুলোয় চলাচল করা রিকশাভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং পায়ে চলা লোকদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
এলাকাবাসী কাওসার আহমেদ বলেন, রাস্তা এত খারাপ যে ভেতরের দিকে রিকশা আসতেই চায় না। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলোয় পানি জমে যায়। ঘর থেকে বের হলেই যন্ত্রণা।
দেখা গেছে, দক্ষিণ বাড্ডা আলাতুন্নেছা স্কুল রোড, শাহদাত সরণি ও পশ্চিম মেরুল বাড্ডা সড়ক তিনটির অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গেছে। সড়ক অসমতল। ছোট-বড় গর্তে ভরে আছে। কিছু জায়গায় প্রশস্ততা খুবই কম। সড়কের ম্যানহোলগুলো সমতল থেকে চার-পাঁচ ইঞ্চি উঁচুতে থাকায় ছোট যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পাশাপাশি বৈশাখী সরণি, মধ্যবাড্ডা বউবাজার লিংক রোডসহ কয়েকটি সংযোগ সড়কের অবস্থা আরও খারাপ। অধিকাংশই সরু। বৃষ্টি হলে চলাচল করা যায় না। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে কংক্রিটের চাঁই ও ইটের টুকরো। সঙ্গে কাদা তো আছেই।
আরেক এলাকাবাসী জাহের ফকির বলেন, ম্যানহোলগুলো আগে থেকেই উঁচু। এখন ঢালাই উঠে যাওয়ায় দুর্ঘটনার শঙ্কা বেড়ে গেছে। প্রায়ই রিকশা উল্টে যায়।
হাতিরঝিল পুলিশ প্লাজার পেছন থেকে দক্ষিণ বাড্ডা হয়ে মধ্যবাড্ডা পদচারী-সেতু পর্যন্ত চলে গেছে আলাতুন্নেছা স্কুল রোড। এই রোডের আল-মদিনা বেকারি থেকে মধ্যবাড্ডা হয়ে গুদারাঘাট লিংক রোড পর্যন্ত গেছে শাহদাত সরণি। অন্য প্রধান সড়কটি দরগা বাড়ির মোড় থেকে পশ্চিম মেরুল হয়ে মেরুল বাড্ডা পর্যন্ত চলে গেছে। সড়কগুলো হাতিরঝিল প্রকল্প, গুলশান, গুদারাঘাট, লিংক রোড, প্রগতি সরণি, পশ্চিম মেরুল, মধ্য ও দক্ষিণ বাড্ডার বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ সূত্রে জানা যায়, সম্প্রতি ডিএনসিসি থেকে সংস্কারমূলক ‘মেগা’ প্রকল্প অনুমোদন পেয়েছে, যার ব্যয় ১ হাজার ২৬ কোটি টাকা। ওই প্রকল্পের অধীনে মধ্য ও দক্ষিণ বাড্ডার রাস্তাগুলোয় কিছু কাজ হবে।
এলাকাটি ডিএনসিসি ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিষয়টি জানালে আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘মধ্য ও দক্ষিণ বাড্ডার বেশ কিছু রাস্তা ভাঙাচোরা, গলিগুলো সরু, জলাবদ্ধতা আছে। এটা সত্য। আমাদের নিজস্ব বাজেট থেকে ওই এলাকার রাস্তাগুলোয় কিছু উন্নয়ন ও সংস্কারকাজ করছি। ম্যানহোলের ঢাকনাগুলো বদল বা সংস্কারের সময় কিছুটা উঁচু হয়ে যেতে পারে। এগুলো রাস্তায় যাতে সমতলে থাকে, সে ব্যবস্থা করা হবে।’