বাড্ডায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা থানার জগন্নাথপুর এলাকায় একটি বাড়ি থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। তাঁর সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।বাড্ডা থানার সূত্র জানায়, গতকাল বিকেলে পুলিশ জগন্নাথপুরের ২৩/ক শহীদ আবদুল আজিজ সড়কের ওমর ফারুকের বাড়ির একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে। তাঁর গায়ে চেক ফুলহাতা শার্ট, সোনালি রঙের জ্যাকেট ও চেক লুঙ্গি ছিল। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, এ ব্যাপারে বাড়িওয়ালা ওমর ফারুক বাদী হয়ে নিহতের তিন সঙ্গীকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।