বাড্ডায় শিশু গৃহকর্মী নির্যাতন, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তাসহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশু হালিমা আক্তারকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হালিমার গৃহকর্তা ও নৌবাহিনীর সাবেক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, তাঁর স্ত্রী আয়েশা আক্তার, মেয়ে মুক্তা আক্তার ও তাঁর ছেলে।

বাড্ডা থানার পুলিশ জানায়, বাড্ডার ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ৩৫ নম্বর বাসায় তোফাজ্জল হোসেন সপরিবারে থাকেন। এক বছর ধরে ওই বাসায় হালিমা গৃহকর্মী হিসেবে কাজ করত। কাজে সামান্য ত্রুটি হলেই তাকে বেধড়ক পেটানো হতো বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকেও তাকে মারধর করা হয়। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীদের একজন বিষয়টি পুলিশকে জানান। পরে বাড্ডা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নির্যাতিত হালিমাকে উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। নির্যাতনের ঘটনায় পুলিশ ওই বাসা থেকে তোফাজ্জল, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

নির্যাতিত হালিমা হাসপাতালে সাংবাদিকদের জানায়, অভাবের সংসারে খাবার জুটত না বলে এক বছর আগে তাকে তোফাজ্জলের বাসায় কাজে দেওয়া হয়। কাজ না পারলে বা দেরি হলে তোফাজ্জলের স্ত্রী ও ছেলে-মেয়েরা বেলন ও লাঠি দিয়ে প্রায়ই তাকে মারধর করতেন। ঠিকমতো খাবার দিতেন না বলেও সে অভিযোগ করে।