বাড্ডায় সন্ত্রাসবিরোধী সভার আয়োজকদের বিরুদ্ধে এন্তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় চাঁদাবাজদের বিরুদ্ধে স্থানীয় ময়নারবাগে ডাকা সমাবেশ করতে দেয়নি থানার পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, সর্বদলীয় সমাবেশের নামে যাঁরা এই আয়োজন করেছেন, তাঁদের নিয়ে এলাকায় বিতর্ক আছে।সমাবেশের আয়োজকদের একজন বাড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন দাবি করেন, মিয়া ভাই বাহিনীর শতাধিক সন্ত্রাসীর কাছে এলাকার মানুষ জিম্মি। তাই গতকাল বিকেলে সন্ত্রাসবিরোধী সভা ডাকা হয়। সে হিসেবে পত্রিকায় দাওয়াতপত্র পাঠানো হয়। কিন্তু ওসি সমাবেশ করতে দেননি। আলী হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করতে না দিলে এলাকাবাসী ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবির সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আলী হোসেনের বিরুদ্ধে ভূমি দখল, সন্ত্রাস ও মাদক ব্যবসার অভিযোগ আছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তাঁর বিরুদ্ধে ভয়ে কেউ থানায় জিডি পর্যন্ত করতে পারেনি। ১/১১-এর পটপরিবর্তনের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর পরিচালিত হোসেন মার্কেট থেকে এর আগে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করা হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলী হোসেন বলেন, ‘আমি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমি দখলের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে থানায় কোনো মামলা কিংবা জিডিও নেই।’ হোসেন মার্কেট থেকে মদ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ওই ঘটনার পর দোকানি নূর হোসেনের সঙ্গে চুক্তি বাতিল করে তাঁকে দোকান থেকে বের করে দেওয়া হয়েছে।তবে বাড্ডা থানার ওসি বলেন, আলী হোসেন নিজেই মাদকসেবী। তাই তাঁর এই সভা ডাকাকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। গতকালের সমাবেশের আরেক আয়োজক বেরাইদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান দাবি করেন, গত সেপ্টেম্বরে মিয়া ভাই বাহিনীর সন্ত্রাসীরা চাঁদার জন্য তাঁর কলেজপড়ুয়া মেয়েকে গুলি করে। মাহফুজুর রহমানের বিরুদ্ধেও এলাকার ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানতে চাওয়া হলে মাহফুজুর রহমান দাবি করেন, ‘আমি ভূমি দখলের সঙ্গে জড়িত নই। বাড্ডার চেয়ারম্যান আলী হোসেন ময়নারবাগে কিছু জমি কিনেছেন। ওই জমি নিয়ে কিছু সমস্যা আছে। সালিস বৈঠকে উপস্থিত থাকায় আমার বিরুদ্ধেও অভিযোগ আসতে পারে।’ তিনি দাবি করেন, বর্তমানে ওই জমি ক্ষমতাসীন দলের লোকজন গ্রাস করার চেষ্টা করছে। তিনি এও বলেন, আলী হোসেন তাঁর বন্ধু। তাই তাঁর পক্ষে তাঁকে সাফাই গাইতে হয়। বাড্ডা থানার ওসি বলেন, কয়েক দিন আগেও মিয়া ভাই বাহিনীর চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হওয়া প্রতিটি জিডির ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজির ঘটনায় বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।