বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণশ্রমিক ফারুকের মৃত্যুর খবরে তাঁর স্বজনদের আহাজারি। ছবি: মনিরুল আলম
নির্মাণশ্রমিক ফারুকের মৃত্যুর খবরে তাঁর স্বজনদের আহাজারি। ছবি: মনিরুল আলম

রাজধানীর মধ্য বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকায় আজ মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরেকজন। সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র ও স্বজনেরা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা হলেন নির্মাণশ্রমিক ফারুক ও মিলন। তাঁদের দুজনের বয়সই ত্রিশের কাছাকাছি। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মাহমুদ নামের আরেক নির্মাণশ্রমিক। তাঁকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবীর জানান, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা দুই নির্মাণশ্রমিককে গুলি করে হত্যা করেছে।

এই পুলিশ কর্মকর্তার ভাষ্য, ময়নারবাগের বাসিন্দা ফারুক হোসেন তাঁর পৈতৃক জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন। গত তিন দিন আগে নীরব নামের এক সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করেন। টাকা নেই বলে চাঁদা দিতে অপারগতার কথা জানান তিনি। আজ সকালে সন্ত্রাসীরা নির্মাণাধীন ভবনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুই নির্মাণশ্রমিক নিহত হন। খবর শুনে ঘটনাস্থলে গেছে পুলিশ।