বাড্ডায় স্কুলের কার্যালয়ে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বাড্ডায় মনপুরা স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষে আগুন লাগার পর স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় তা নেভানো হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে ছয়তলা কলেজ ভবনের নিচতলার ওই অফিস কক্ষে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অফিস কক্ষে ধোঁয়া দেখতে পায়। তার আগেই স্থানীয় ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, অফিস কক্ষটি বন্ধ ছিল। ওই কক্ষ থেকে ধোঁয়া আসতে দেখলে স্থানীয় ব্যক্তিরা এসে দরজার তালা ভেঙে আগুন নেভান।
বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।