বাড্ডায় স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।
নিহত স্ত্রীর নাম তাহমিনা আকতার (৪৫)। তিনি মধ্য বাড্ডায় একটি বাসায় স্বামী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন। তিনি আশপাশের বিভিন্ন বাসায় আরবি পড়াতেন। স্বামী শাহ আলম রাস্তার পাশে কাপড় সেলাইয়ের কাজ করতেন।
বাড্ডা থানার এসআই আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ঘটনার সময় বড় দুই সন্তান পাশের কক্ষে ছিল, ছোট ছেলে ঘুমিয়ে ছিল।
বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শাহ আলম ছোট শ্যালিকা তাহমিনাকে বিয়ে করেন। শাহ আলম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন বলে তাঁর পরিবারের সদস্যরা দাবি করেছেন। গ্রেপ্তারের পর তিনি তাঁর স্ত্রীকে ইট দিয়ে আঘাত করার কথা মনে করতে পারছেন না বলে বলছেন। পারিবারিক কোনো বিরোধ ছিল, এমনটাও আশপাশের কেউ কিছু বলেননি। আরও তদন্ত করলে বিষয়টা বোঝা যাবে।