বাড্ডায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুরুন্নবী গতকাল বুধবার ভোরে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। বাড্ডা থানার আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নুরুন্নবীকে গুরুতর অবস্থায় বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার পুলিশ জানায়, নুরুন্নবী রাজনীতির পাশাপাশি ইট ও পাথরের ব্যবসা করেন। গতকাল ভোরে আনন্দনগর এলাকায় ট্রাক থেকে পাথর নামানোর কাজ তদারকি করছিলেন তিনি। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী এসে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি তাঁর পিঠে লাগলে তিনি লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বিকেলে বাড্ডা থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার দে প্রথম আলোকে বলেন, নুরুন্নবীকে গুলি করার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তর্দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে।