বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। ২৫ নভেম্বর শুক্রবার সকালে এই পরীক্ষা আবার নেওয়া হবে।
গতকাল বুধবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এ কথা জানান।
গত ৩১ অক্টোবর বাণিজ্য অনুষদের ‘সি-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষারÿপ্রশ্নপত্রে চারটি বিকল্প উত্তরের মধ্যে সঠিকটি ঝাপসা ছিল। এ নিয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এ নিয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।
গতকাল সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নের মধ্যে উত্তর ঝাপসা থাকার খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি আমার নজরে আসে। আমি তাৎক্ষণিকভাবে মৌখিক পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিই। এ ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করি। আজ (বুধবার) দুপুরে তদন্ত কমিটির প্রতিবেদন পাই। কমিটির সুপারিশক্রমে আমরা ভর্তি পরীক্ষাটি পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি হয়নি। কারিগরি ত্রুটির কারণে এ ধরনের ভুল হয়েছে।
উপাচার্য বলেন, বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হবে। আগে যাঁরা কমিটিতে ছিলেন, তাঁদের নতুন কমিটিতে রাখা হবে না। তিনি আরও বলেন, আগে যাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁরাই কেবল আবার পরীক্ষায় অংশ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা, প্রক্টর মো. আলী আজগর চৌধুরী, বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান আহমদ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ফরিদ উদ্দীন আহামেদ বলেন, ‘অসতর্কতা ও কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে। এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল বলে আমাদের কাছে মনে হয়নি।’