বাণিজ্য ও অর্থমন্ত্রীর বক্তব্য সরকারের জন্য বিব্রতকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ও অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দল ও সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি মন্ত্রীদের দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে গতকাল রোববার ‘সংবিধানের অবমাননা ও আইনের শাসন প্রতিষ্ঠা, বিরোধী দলের প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত এ আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুননেসার জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘মন্ত্রীদের বাগাড়ম্বরে বসা যাচ্ছে না। খালেদা জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। এসব নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এখনো হচ্ছে। আমাদের মন্ত্রীরাও ক্রমেই অসংযমী ও বাগাড়ম্বর হয়ে উঠছেন।’আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, ‘এর আগে অর্থমন্ত্রী বলেছেন জিনিসপত্রের দাম কমাতে এক দিন বাজারে না যেতে। দাম কমাতে মানুষ যদি বাজারে না যায়, তাহলে আপনার কাজ কী?এরপর বাণিজ্যমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বললেন, ‘কম খান।’ তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক মানুষ দুবেলা খেতে পায় না। তারা যে দাম বা ভেজাল কমাতে খায় না, তা নয়। তারা অভাবেই খেতে পায় না। তাই এসব কথা তামাশা মনে হয়। এসব কথায় বিরোধী দলই কেবল ইস্যু পায় না, আমাদের দলীয় লোকজনও কষ্ট পায়। এসব বক্তব্য দল ও সরকারের জন্য বিব্রতকর।’সুরঞ্জিত সেনগুপ্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সক্রিয় করার পরামর্শ দেন। সুরঞ্জিত বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ৭(ক) অনুচ্ছেদ নিয়ে অনেক আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’ সভায় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি ফাল্গুনী হামিদ, নাট্যাভিনেতা ইনামুল হক প্রমুখ বক্তব্য দেন।