দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় এনে বর্তমান সরকারের সঙ্গে কাজ করাকেই যুক্তিযুক্ত মনে করছে চীন। চীনের সর্বশেষ পদক্ষেপকে এই দৃষ্টিতেই দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকেরা।
বাংলাদেশের নির্বাচন-পূর্ব অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো সরব ভূমিকায় দেখা গেছে চীনকে। কিন্তু নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াং। অভিনন্দন বার্তায় চীনের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি সমন্বিত ও সহযোগিতামূলক অংশীদারের নতুন মাত্রায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনের মাস ছয়েক আগে থেকেই বাংলাদেশের সংঘাতময় রাজনীতি নিয়ে উদ্বেগ জানিয়ে বক্তব্য দিয়ে এসেছে চীন। ৫ জানুয়ারির নির্বাচনের চার দিন পরও বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটি তাগিদ দিয়েছে। অতীতের রেওয়াজ ভেঙে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চীনকে এই প্রথম এতটা সরব হতে দেখা গেছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, এমন অবস্থানের প্রেক্ষাপটে দশম জাতীয় সংসদ নির্বাচনের আট দিনের মাথায় ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের অভিনন্দন রেওয়াজের অংশ হলেও তাৎপর্যপূর্ণ। সাধারণ্যে এই অভিনন্দন নির্বাচন ও বর্তমান সরকারকে স্বীকৃতি দেওয়া বলে বিবেচিত হচ্ছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাৎক্ষণিকভাবে কিছুটা বিস্ময়ের হলেও চীনের অবস্থানটা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাস্তবসম্মত। এবারের নির্বাচন নানা কারণে প্রশ্নবিদ্ধ হলেও সংবিধান অনুযায়ী হয়েছে। ফলে সাংবিধানিক একটি সরকারের সঙ্গে যুক্ত থাকাটাই তুলনামূলকভাবে শ্রেয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাণিজ্য ও বিনিয়োগের প্রেক্ষাপটকে বিবেচনায় এনে চীন বর্তমান সরকারের সঙ্গে কাজ করাকে গুরুত্ব দিয়েছে। আওয়ামী লীগ সরকার পুনর্নির্বাচিত হওয়ায় গভীর সমুদ্রবন্দরসহ বৃহদায়তন অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে এই কর্মকর্তারা মনে করেন। সেই সঙ্গে যোগাযোগ অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগটিও থাকছে।
আর দ্বিপক্ষীয় সুসম্পর্ক বজায় রাখার ফলে বহুপক্ষীয় বিভিন্ন ফোরামেও নিজের প্রয়োজনে বাংলাদেশের সমর্থনকে কাজে লাগানোর সুযোগ পাবে বলেও মনে করছে চীন।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রেক্ষাপটে ভৌগোলিক কারণে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ। পাশাপাশি মিয়ানমারের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। তা ছাড়া সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশীর সুসম্পর্ক বেশ নিবিড় হয়েছে। বিশেষ করে বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে ভালো। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভারতের প্রভাব রয়েছে বলে আলোচনা আছে। আর মিয়ানমারকে নিয়ে ভারত ও বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক করিডর বাস্তবায়নের প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিতে চায় চীন। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারেও চীনের বিশেষ আগ্রহ রয়েছে। তাই এ অঞ্চলে ভারতের প্রভাববলয়ের বিষয়টিকে বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের সঙ্গে যুক্ত থাকাকে চীন গুরুত্ব দিয়েছে বলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মত।
নতুন ঋণ-সহায়তার প্রস্তাব: অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, যোগাযোগ, বিদ্যুৎ অবকাঠামোসহ বিভিন্ন খাতে চীনের কাছে সরকার প্রায় ৯০০ কোটি ডলার ঋণ-সুবিধা চেয়েছে। ১৫ জানুয়ারি ১৪টি প্রকল্প ঢাকায় চীন দূতাবাসে পাঠানো হয়েছে।
জানতে চাইলে ইআরডির অতিরিক্ত সচিব আসিফ উজ জামান সম্প্রতি প্রথম আলোকে বলেন, আগামী পাঁচ বছরের উন্নয়নে কোন কোন খাতে বাংলাদেশ অগ্রাধিকার দেবে, তা গত বছরের শেষ দিকে চীন জানতে চেয়েছিল। সে অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ৩০টি প্রকল্প থেকে ১৪টি চূড়ান্ত করে চীনের কাছে পাঠানো হয়েছে। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গঙ্গা ব্যারাজ, নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ ও বঙ্গবন্ধু সেতুর সঙ্গে সমান্তরালভাবে ডুয়েলগেজ রেললাইন স্থাপন।