বাংলাদেশ-চীন সংলাপ শীর্ষক গোলটেবিলে বক্তারা
বাণিজ্য ঘাটতি কমাতে বিনিয়োগ ও শিল্প স্থানান্তরে জোর দেওয়া উচিত
চীনের সঙ্গে অসম বাণিজ্য ঘাটতি কমাতে সে দেশের বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি শ্রমঘন শিল্প স্থানান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় এ বিষয়ে বাংলাদেশ জোর দিতে পারে। আসন্ন সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সামগ্রিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ-চীন সংলাপ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা গতকাল রোববার এ অভিমত দেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ বৈঠকের আয়োজন করে। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিষয়ে তিনটি ও চীনা প্রেক্ষাপটে সম্পর্কের মূল্যায়ন প্রসঙ্গে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের ৩৫ বছর পূর্তির প্রাক্কালে প্রধানমন্ত্রীর আসন্ন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের সফরের সময় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চাওয়া হবে। এ ছাড়া দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে চীনের বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি সে দেশের শ্রমঘন শিল্প বাংলাদেশে স্থানান্তরের বিষয়েও জোর দেওয়া হবে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক রেহমান সোবহান বলেন, ‘চীনের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক খুব অসম। বাংলাদেশের আমদানির প্রধান উত্স চীন। আর চীনের সঙ্গে আমাদের বার্ষিক বাণিজ্য ঘাটতির পরিমাণ ৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এ ঘাটতি দূর করতে আমরা চীনের কাছ থেকে বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি শ্রমঘন শিল্প স্থানান্তরের বিষয়টি তুলে ধরতে পারি।’ তিনি বলেন, ‘আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে চীন। এ ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি।’ বাংলাদেশ-চীন সম্পর্কের রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে সাবেক কূটনীতিক আশফাকুর রহমান তাঁর উপস্থাপনায় বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে আমরা বঙ্গোপসাগরে সম্পদ আহরণে বিশেষ সহায়তা পাব, তেমনি তা বিকল্প নিরাপত্তার ক্ষেত্র সৃষ্টিতে সহায়ক হবে।’ বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, সন্ত্রাসবাদ দমনের দোহাই দিয়ে বাইরের শক্তি এ অঞ্চলের নিরাপত্তার জন্য নতুন হুমকি সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে চীন কোন প্রেক্ষাপটে দেখছে—এ ব্যাপারে প্রবন্ধ উপস্থাপনকালে ঢাকায় চীনা দূতাবাসের রাজনীতি শাখার প্রধান ঝ্যাং লেই বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চীন। এরই অংশ হিসেবে বাংলাদেশের জনগণের কল্যাণে চীন আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তাদানকে অগ্রাধিকার দেয়। বাংলাদেশে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওয়াং চু বলেন, বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর দুই দেশের সম্পর্ককে বিশেষ পর্যায়ে নিয়ে যাবে।