বাণিজ্য ঘাটতির পরিমাণ ৫৭২ কোটি ডলার
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) বাণিজ্য ঘাটতির পরিমাণ ৫৭২ কোটি ৮৩ লাখ ডলার। বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে সরকার রপ্তানি বৃদ্ধি ও আমদানি-নির্ভরতা কমানোর জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে। গত অর্থবছরে এই ঘাটতির পরিমাণ ছিল ৬৯৪ কোটি ২০ লাখ ডলার।জাতীয় সংসদে গতকাল বুধবার গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী ফারুক খান। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য মনিটরিং কার্যক্রম জাতীয় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত জোরদার করা হবে। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে টিসিবির মাধ্যমে ২০ হাজার টন সয়াবিন তেল, পাঁচ হাজার টন পাম অয়েল, ২৫ হাজার টন চিনি, ১০ হাজার টন মসুর ডাল, দুই হাজার টন ছোলা ও ৭৫০ টন পেঁয়াজ আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে ১০০ কোটি টাকা ভর্তুকি চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এসব পণ্য রমজান মাসে টিসিবির ডিলারদের মাধ্যমে সারা দেশে বিক্রি করা হবে।বিদেশে কর্মসংস্থান: ২০০৯ সালের জুলাই থেকে গত এপ্রিল পর্যন্ত তিন লাখ ৫৯ হাজার ১৬৫ জন বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। এ সংখ্যা আরও বাড়ানোর জন্য সরকার বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এ বি এম গোলাম মোস্তফার এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এ জন্য নতুন বাজার অনুসন্ধান করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বিদেশে পাঠানোর জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে।