বাণিজ্য, নিরাপত্তা নিয়ে ভাবনায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প যেভাবে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা শুরু করেছেন, তাতে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে উদ্বেগ বাড়ছে। এই তালিকায় বাংলাদেশও আছে। অভিবাসন, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা নিয়ে ট্রাম্প কী সিদ্ধান্ত নেন তা নিয়ে বাংলাদেশের ভাবার আছে।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র গতকাল শনিবার প্রথম আলোকে জানিয়েছে, বাংলাদেশ এখন নতুন মার্কিন প্রশাসনের পদক্ষেপগুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবে। তারপর পরিস্থিতি অনুযায়ী সম্পর্ক এগিয়ে নেওয়ার পদক্ষেপ নেবে।

ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র গতকাল বিকেলে প্রথম আলোকে জানায়, ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বর্তমান ধারা অব্যাহত রেখে তা এগিয়ে নিতে গত নভেম্বরের মাঝামাঝি সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা মার্কিন প্রশাসন ও রাজনৈতিক মহলে যোগাযোগ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবীর গতকাল প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর নতুন মার্কিন প্রশাসনের পদক্ষেপ পর্যবেক্ষণের পর বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে দ্রুত কয়েকটি পদক্ষেপ নেওয়া উচিত। শুরুতে তিনি যেসব সিদ্ধান্ত নিচ্ছেন, তা নৈর্ব্যক্তিকভাবে মূল্যায়ন করে বাংলাদেশের অবস্থান ঠিক করতে হবে। এর পাশাপাশি নতুন প্রশাসনের যোগাযোগ ও জানাশোনা বাড়াতে হবে। এরপর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে এই বার্তা দিতে হবে যে বর্তমানে দুই দেশের সম্পর্ক যেখানে আছে, তার ভিত্তিতে সম্পর্ককে বাংলাদেশ এগিয়ে নিতে চায়।

কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে দেখলে অন্তত চারটি বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ দেখার আছে। এগুলো হচ্ছে অভিবাসন, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা। ট্রাম্প প্রশাসনের বিবেচনায় যে ২০০টি নির্বাহী আদেশ বিবেচনায় আছে তার অন্যতম হচ্ছে ‘ডাকা’ নামে পরিচিত অবৈধ অভিবাসীদের সন্তানদের অস্থায়ী বৈধতা কর্মসূচি। সীমিত সংখ্যক বাংলাদেশি এই সুবিধার আওতায় আছেন। এ ছাড়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিলে তাতেও কিছু বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এসবের পাশাপাশি পরোক্ষভাবে অভিবাসন ঠেকাতে ভিসা দেওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাইতে কড়াকড়ি (এক্সট্রিম ভেটিং) আরোপ করা হলে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা সৃষ্টি হতে পারে।

বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সংরক্ষণবাদী নীতি গ্রহণ করলে বাংলাদেশের ওপরও এর প্রভাব পড়ার আশঙ্কা থাকছে। পুরোপুরি শুল্ক ও বাণিজ্যমুক্ত সুবিধা না পেলেও মার্কিন বাজারে উদারনৈতিক ব্যবসা পরিবেশের সুফল বাংলাদেশ পাচ্ছে। নতুন মার্কিন সরকার নিজেদের ব্যবসা সুরক্ষায় অন্য দেশের জন্য বাজার সংকুচিত করার পথে গেলে তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

শুরু থেকেই জলবায়ু পরিবর্তনের দায়ভার নেওয়ার ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ তাঁর পূর্বসূরি বারাক ওবামা প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিকে কার্যকর করতে শুরু থেকেই নেতৃত্ব দিয়ে এসেছেন। এখন ট্রাম্প যদি এটি সমুন্নত রাখতে অনীহা দেখান, তাহলে শেষ পর্যন্ত এটির কার্যকারিতা মুখ থুবড়ে পড়তে বাধ্য।

খুব আঁটসাঁট কোনো কাঠামো না থাকলেও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর সহযোগিতা আছে। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট মুসলিম জঙ্গিদের মূলোৎপাটন করার কথা বলে পুরো বিষয়টিকে সরলীকরণ করে ফেলেছেন। আইএসসহ ইসলামি জঙ্গি সংগঠনগুলোকে রুখতে গিয়ে মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন বারাক ওবামা। বারাক ওবামার এই পদক্ষেপের যৌক্তিকতা কিংবা সাফল্য নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু জঙ্গিবাদ দমনের কথা বলে মুসলিমবিরোধী মনোভাব প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্প নতুন করে সমস্যা তৈরি করছেন কি না, এমন ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।

বাংলাদেশের সাবেক ও বর্তমান কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করলে তাতে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। কোনো ধরনের সরকারি কাজের অভিজ্ঞতাহীন ট্রাম্প এক আদেশেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সব রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন, তাতে স্পষ্ট যে খুব ভেবেচিন্তে তিনি এ সিদ্ধান্ত নেননি। কারণ পুরোনো একজনকে বাদ দিয়ে নতুন কাউকে ওই দায়িত্বে পাঠাতে তিন থেকে ছয় মাস লাগে। অথচ রাজনৈতিক নিয়োগ পাওয়া ওই রাষ্ট্রদূতদের তালিকায় আছেন যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতেরা। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওই দেশগুলোতে সম্পর্ক দৈনন্দিন কাজে সীমিত হওয়ার কারণ আছে। শুরুতে তিনি যেসব পদক্ষেপ নিচ্ছেন, তাতে ট্রাম্প প্রশাসনের চিন্তার চেয়ে চমককে হয়তো প্রাধান্য দিচ্ছেন বলে কূটনীতিকদের কেউ কেউ মনে করছেন। ফলে তাঁকে ঘিরে যুক্তরাষ্ট্র তো বটেই, বিশ্বজুড়ে নিরাশা ও অস্বস্তি তৈরি হয়েছে।