বাণিজ্য বাড়াতে চায় উভয় দেশই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে, উল্টো দিকে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সঙ্গে কমিয়ে আনতে তাদের বাণিজ্য ব্যবধান। এই পারস্পরিক চাওয়ার মধ্য দিয়ে গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শেষ হয় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) তৃতীয় বৈঠক।
সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া দিনব্যাপী বৈঠক শেষে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয় যৌথ সংবাদ সম্মেলন। এতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব শুভাশীষ বসু, শ্রমসচিব মিকাইল শিপার, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
শুভাশীষ বসু ২২ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। আর যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনসকট নেতৃত্ব দেন ১৩ সদস্যের প্রতিনিধিদলের।
ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব শুভাশীষ বসু বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। একক দেশ হিসেবে বাংলাদেশের অন্যতম রপ্তানি গন্তব্যস্থল যুক্তরাষ্ট্র। কিন্তু বাংলাদেশি তৈরি পোশাকের বাজারের দিক থেকে জার্মানির চেয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান কমে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অবস্থান ধরে রাখতে তাদের আহ্বান জানানো হয়েছে।
বাণিজ্যসচিব বলেন, ‘বলার চেষ্টা করেছি যে যুক্তরাষ্ট্রে তুলনামূলক বেশি শুল্ক দিয়ে বাংলাদেশি পণ্য ঢোকে। এটা কমানো উচিত। অন্যদিকে আহ্বান জানিয়েছি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, হালকা প্রকৌশল ইত্যাদি খাতে বিনিয়োগ করতে।’
সেবা খাত থেকে বাংলাদেশি নার্স ও মিডওয়াইফেরা যাতে যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করতে পারেন, সে জন্য নিয়মকানুন সহজ ও শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যসচিব।
শুভাশীষ বসু বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতি অনুযায়ী বাংলাদেশসহ সব স্বল্পোন্নত দেশেরই (এলডিসি) যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার পাওয়া উচিত। কিন্তু পাওয়া যাচ্ছে না। বিষয়টি তাদের জানানো হয়েছে।
শ্রম অধিকার নিয়ে কথা বলতে শ্রমসচিব মিকাইল শিপারকেই দায়িত্ব দেন বাণিজ্যসচিব। শ্রমসচিব বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির পর কী, কী করা হয়েছে, তাদের জানানো হয়েছে। একটা প্রক্রিয়া শুধু বাকি, শ্রমিকদের বিরুদ্ধে হওয়া কিছু মামলা তুলে নেওয়া। বিষয়টা বিচার বিভাগের আওতাধীন।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন রপ্তানিকে কীভাবে প্রভাবিত করবে আমরা জানতে চেয়েছি। আশ্বাস দিয়েছেন মুক্তবাণিজ্যের নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে না।’
তিন সচিবের পর কথা বলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং বাণিজ্য ব্যবধান কমিয়ে আনা যুক্তরাষ্ট্রের নতুন সরকারের অন্যতম প্রতিশ্রুতি বলে জানান। বার্নিকাট অবশ্য এ-ও বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি এখনো অনেক ভালো, আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো করুক।’ তবে রপ্তানি বাড়াতে বাংলাদেশকে শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল না থেকে কৃষি প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, সেবা—এসব খাতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাকে দেয় না, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের (আগোয়া) আওতায় আফ্রিকার কিছু দেশকে ঠিকই শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। প্রশ্নোত্তর পর্বে কারণ জানতে চাইলে বার্নিকাট বলেন, ‘শুল্কমুক্তের বিষয়টি একান্তই কংগ্রেসের এখতিয়ারাধীন।’
যুক্তরাষ্ট্রে কিছু পণ্য রপ্তানিতে যে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) দিত, ২০১৩ সালের জুনে তা বন্ধ করে দেওয়া হয়েছে, টিকফা বৈঠকে জিএসপি নিয়ে কী আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে শুভাশীষ বসু বলেন, ‘জিএসপি নিয়ে কোনো আলোচনাই হয়নি।’