বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত-বাণিজ্য বাড়াতে সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নে কাজ করছে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে অংশ নিয়ে পঙ্কজ শরণ বলেন, সহজে পণ্য পরিবহন ও নিরাপদ অর্থ লেনদেনের সুবিধার জন্যই সীমান্তে বিভিন্ন অবকাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে ভারত তার অর্থনীতি উন্মুক্ত করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি পানিসম্পদ ব্যবস্থাপনা, যৌথ নদীগুলো এবং সমুদ্র-বাণিজ্যের বিষয়ে বৃহত্তর সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে প্রতিবেশী দেশগুলোকে আহ্বান জানান। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পৃক্ততা বাড়াতে পারলে তা আঞ্চলিক বাণিজ্য বাড়াতে সহায়তা করবে।