সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে বাণিজ্য বিভাগ না থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা জানান, সিলেটের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক, স্নাতক (সমঞ্চান), স্নাতকোত্তর (সমঞ্চান) ও স্নাতক (পাস কোর্স) চালু থাকলেও এসব বিভাগে বাণিজ্য বিষয় না থাকায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, ১৮৯২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে উচ্চমাধ্যমিক ও পাস কোর্স চালু হলেও ১৯২১ সালে এ প্রতিষ্ঠানে স্নাতক (সমঞ্চান) কোর্স চালু হয়। তবে এসব কোর্স বিজ্ঞান ও মানবিক বিভাগের। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা কলেজটিতে বাণিজ্য বিভাগ চালু করার দাবি জানিয়ে এলেও তা হচ্ছে না।
কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থী এবং এ অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে কলেজটিতে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর জন্য আবেদন করা হয়েছিল। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাই সম্প্রতি আবারও একই দাবি জানিয়ে আবেদন করা হয়েছে।
কলেজের সহযোগী অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, কলেজে ১৫টি বিষয়ে স্নাতক, ১৬টি বিষয়ে স্নাতকোত্তর এবং উচ্চমাধ্যমিক ও পাস কোর্স চালু রয়েছে। তবে বাণিজ্য অনুষদের কোনো বিষয়ই এই কলেজে না থাকায় উচ্চমাধ্যমিকে বাণিজ্য বিভাগ থেকে পাস করার পর শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে।
কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, কলেজটিতে বাণিজ্য বিভাগ না থাকায় এটিকে পূর্ণাঙ্গ কলেজ হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। অথচ এ অঞ্চলের শিক্ষা বিস্তারে প্রাচীন এ কলেজটির অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। অন্যান্য অঞ্চলের সরকারি কলেজে শিক্ষার্থীরা যেখানে বিবিএ, এমবিএসহ বাণিজ্য অনুষদের বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ পাচ্ছে, সেখানে এখানকার শিক্ষার্থীরা ওই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
কলেজটিতে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মতিউর রহমান বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, এমসি কলেজে বাণিজ্য শিক্ষার বিভিন্ন বিষয়ে স্নাতক (সমঞ্চান) ও স্নাতকোত্তর বিষয় চালু করা।’ কলেজ অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার জানান, আশা করছি, কিছুদিনের মধ্যেই অনুমোদন সাপেক্ষে বাণিজ্য বিষয় চালু করা সম্ভব হবে।