জয়পুরহাট সরকারি মহিলা কলেজে দুই বছর আগে বাণিজ্য বিভাগ খোলা হয়। এ বিভাগে শিক্ষার্থী রয়েছেন ৯৭ জন। এত দিনেও এ বিভাগে শিক্ষকের কোনো পদ সৃষ্ট করা হয়নি। বাইরের দুজন শিক্ষক দিয়ে এ বিভাগের পাঠদান চলছে। এ ছাড়া কলেজটিতে ২৮ জন শিক্ষকের পদ থাকলে কর্মরত আছেন ১৬ জন। বিজ্ঞানের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করানোর জন্যও নেই কোনো প্রদর্শক।
এদিকে কলেজে দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। সব বিভাগে শ্রেণিকক্ষ ও শিক্ষকের সংকট রয়েছে। আছে আবাসন-সংকট। শিক্ষার্থীদের জন্য নেই কোনো বাস। এ ছাড়া একাডেমিক ভবন না থাকায় কলেজের কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শহরের বাটার মোড় এলাকায় ১৯৭২ সালের ১ জুলাই কলেজটি ২ দশমিক ৪৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালের ১ নভেম্বর কলেজটি সরকারি হয়। এখানে একাদশ শ্রেণি থেকে ডিগ্রি পাস কোর্সে শিক্ষার্থীদের পড়ানো হয়। তবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সম্মান পর্যন্ত পড়ানো হয়।
বাংলা, ইংরেজি, দর্শন, সমাজবিজ্ঞান, রসায়ন ও গণিতে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। শুধু ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পদার্থবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞানে দুজন করে শিক্ষক রয়েছেন। এ ছাড়া বাংলা, ইংরেজি ও দর্শনে দুটি করে এবং সমাজবিজ্ঞান, রসায়ন, গণিত, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে একজন করে শিক্ষকের পদ শূন্য রয়েছে।
দুই হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে একটি ছাত্রীনিবাস। সেখানে মাত্র ১২০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা আছে। অন্য শিক্ষার্থীদের বেশি টাকা খরচ করে মেসে থাকতে হচ্ছে। কলেজটিতে ২২টি কক্ষ রয়েছে। এর মধ্যে ১২টি কক্ষে ক্লাস নেওয়া হয়। তিনটিতে বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি, একটি অধ্যক্ষ, একটি উপাধ্যক্ষ, একটি শিক্ষকদের কক্ষ ও বাকি চার কক্ষে চলে প্রশাসনিক কার্যক্রম।
বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসলিমা খাতুন, মুক্তা রানী, তাসনিন আক্তার অভিযোগ করে বলেন, ২০১৪ সালে তাঁদের কলেজে এ বিভাগ খোলা হয়। এ বিভাগে ৯৭ জন শিক্ষার্থী। কিন্তু বিভাগে কোনো শিক্ষকই নিয়োগ দেওয়া হয়নি। বাইরের দুজন শিক্ষক দিয়ে তাঁদের ক্লাস করানো হয়। এতে ক্লাস নিয়মিত হয় না। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।
রাষ্ট্রবিজ্ঞানের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুমানা আক্তার, আইভি খাতুন, রোজিনা আখতার বলেন, শ্রেণি কক্ষের সংকটে তাঁদের পাঠদান ব্যাহত হচ্ছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সায়মুম রেজা বলেন, সম্মান প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগেই শিক্ষার্থী রয়েছেন ৩৮০ জন। এ ছাড়া তাঁদের উচ্চমাধ্যমিক ও ডিগ্রি ক্লাসের পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান পড়াতে হয়। শিক্ষার্থীদের ক্লাস নিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে।
পদার্থ বিষয়ের শিক্ষক কাজী ইমরুল কায়েশ বলেন, কলেজটির শিক্ষককের সৃষ্ট পদই কম। আবার যেসব পদ আছে, তারও অধিকাংশ পদ শূন্য। বিজ্ঞান বিভাগের অবস্থা আরও খারাপ। রসায়ন ও গণিতে একজন করে শিক্ষক রয়েছেন। তিনি আপেক্ষ করে বলেন, সবচেয়ে কষ্টের কথা, এ কলেজে বিজ্ঞান বিভাগের ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাস করানোর জন্য প্রদর্শকের পদ নেই। এ পদটি বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুলশী চন্দ্র মোহন্ত বলেন, কলেজটিতে শিক্ষক নিয়োগ দিয়ে আরও বিভিন্ন বিষয়ে (সম্মান) শ্রেণি খোলা প্রয়োজন। এতে মফস্বলের অসচ্ছল পরিবারের মেধাবী মেয়েরা এখানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। তবে শিক্ষক সংকটে পরও মানবিক বিভাগের ফলাফলে প্রতিবছর জেলার শীর্ষে থাকে এ কলেজ।
কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর আলী বলেন, শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য ১৯ ডিসেম্বর শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষক-সংকটে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন ঘটছে। তবে বাণিজ্য বিভাগে জরুরি ভিত্তিতে শিক্ষক প্রয়োজন।