বাণিজ্য মেলা এলাকায় যানজট নিরসনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘের তীব্র শীত উপেক্ষা করে আজ শুক্রবার ছুটির দিনও ব্যস্ত রাজধানী ঢাকার রাজপথ। বিশেষ করে শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আশপাশের সড়কে এ ব্যস্ততা বেশ চোখে পড়ে। কেনাকাটা আর বিনোদন সামনে রেখে সব বয়সী মানুষ ছুটছে বাণিজ্য মেলার দিকে। মেলা কর্তৃপক্ষের ধারণা, আজ উপচে পড়া ভিড় হতে পারে।

বাণিজ্য মেলা উপলক্ষে প্রতিবছর এ সময়টায় আগারগাঁও ও আশপাশের এলাকায় দর্শণার্থীদের যানবাহনের কারণে যান চলাচলের চাপ বেড়ে যায়। লেগে যায় যানজট। কখনো তা অসহনীয় হয়ে ওঠে। এ পরিস্থিতি ওই এলাকার মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এ দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার দাবি অনেক দিনের।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মনে করছে, মেলার কারণে যানজট ছড়িয়ে যেতে পারে ঢাকার প্রধান সড়কগুলোতে। এ জন্য যাঁরা মেলায় যাবেন না, তাঁদের যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্র জানিয়েছে, গাবতলী থেকে যেসব যানবাহন ঢাকার কেন্দ্রস্থলের দিকে যাবে, সেগুলোকে আগারগাঁও-শ্যামলী লিংক রোড ব্যবহার না করতে অনুরোধ করা হয়েছে। বিকল্প হিসেবে আসাদগেট, মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। একই ভাবে ফার্মগেট হয়ে মিরপুরগামী যানবাহনগুলো বিজয় সরণি সড়কে না গিয়ে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের বাঁ পাশের নতুন সড়ক ব্যবহার করলে যানজট কম হবে বলে আশা করছে ট্রাফিক বিভাগ।

তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, যানবাহনের চাপ সামাল দিতে প্রয়োজনে সড়ক বিভাজন করা হবে। খামারবাড়ির খেজুর বাগানের সামনে একটি এবং আগারগাঁওয়ে দুটি ডাইভারশন দেওয়া হবে। এটি অবশ্য পরিস্থিতির ওপর নির্ভর করছে।

গত ১১ জানুয়ারি বাণিজ্য মেলা শুরুর আগে যান চলাচলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির অনলাইন নিউজ পোর্টালে উল্লেখ করা হয়, মেলা চলাকালে সরকারি ছুটির দিন খামারবাড়ির খেজুরবাগান ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিকশা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ফি দিয়ে গাড়ি রাখা যাবে। যাঁরা যানবাহন নিয়ে আসবেন, তাঁদের ট্রাফিক পুলিশের নির্দেশিত স্থানে গাড়ি রাখতে অনুরোধ জানানো হয়েছে।

যানবাহন নিয়ন্ত্রণের সুবিধার জন্য শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনে আগারগাঁও লিংক রোড (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করা যাবে না। ওই সড়ক ব্যবহারকারীদের আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করতে বলা হয়েছে।

ট্রাফিক বিভাগ জানায়, মেলার ১ নম্বর পার্কিং থেকে বের হওয়ার ক্ষেত্রে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরেবাংলা নগর শিক্ষা প্রকৌশল ভবন ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণি হয়ে বের হতে হবে। মেলার ২ নম্বর পার্কিং থেকে গণভবন স্কুল ক্রসিং, কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোড হয়ে বের হতে হবে। মেলার ৩ নম্বর পার্কিং থেকে শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণি দুটি রাস্তা ব্যবহার করে বের হওয়া যাবে।

এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, ১৪ জানুয়ারি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটির দিন মেলায় প্রচুর লোকের সমাগম ঘটে। তবে দর্শকসংখ্যা সম্পর্কে কিছু জানাতে পারেনি ইপিবি।