বাণিজ্য মেলা থেকে রনির লাশ ফিরল বাড়ি
‘মা, আমার গায়ে বেশ জ্বর। মুখে রুচি নেই, খেতে পারছি না। ওষুধ কেনারও সময় পাচ্ছি না। তুমি কিন্তু ক্ষীরের পাটিসাপটা বানিয়ে রাখবে। আমি ২৮ জানুয়ারি বাড়ি আসছি।’ ২৫ জানুয়ারি রাত সাড়ে ১০টায় মায়ের সঙ্গে মুঠোফোনে রনির এই শেষ কথা। ছেলের সঙ্গে শেষ কথোপকথনের বর্ণনা দিতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা অপরাজিতা দাস।মাকে দেওয়া প্রতিশ্রুতির এক দিন আগেই রনি বাড়ি ফিরেছেন লাশ হয়ে। তিনি চলে গেছেন না-ফেরার দেশে। ঢাকায় বাণিজ্য মেলায় পারটেক্সের প্যাভিলিয়ন ভেঙে পড়লে রনি দাস নিহত হন।গতকাল রোববার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ শহরের সাহাপাড়ার বাসায় রনির মরদেহ আসে। লোকজনের নিশ্চুপ আসা-যাওয়া আর পরিবারের সদস্যদের কান্নায় বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। রাতেই পৌর শ্মশানে তাঁকে দাহ করা হয়।রনি দাস গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি আর বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকার তেঁজগাও কলেজে ব্যবস্থাপনায় সম্মান চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। জেলা শহরের হাজী লাল মিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী মৌমিতা দাস একমাত্র ভাইকে হারিয়ে নির্বাক।প্রতিবেশী ভজন সাহা জানান, রনিদের চার সদস্যের ছোট সংসার। বাবা রামদাস স্থানীয় একটি পরিবহন সংস্থায় সুপারভাইজরের চাকরি করেন। রনি বাণিজ্য মেলায় পারটেক্সের শোরুমে দৈনিক ৬০০ টাকা বেতনে খণ্ডকালীন কাজ নিয়েছিলেন।