নীলফামারীতে শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর আবেদন করেছেন কয়েকজন অভিভাবক। এতে তাঁরা বলেছেন, এ মেলার কারণে জেএসসি, প্রাথমিক সমাপনী ও বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে।
ওই অভিভাবকেরা ১৫ নভেম্বর আবেদনটি করেছেন। এতে আহম্মেদ দীপু, আবুল কালাম, আহসান হাবিবসহ সাতজন স্বাক্ষর করেছেন। তবে তাঁদের পরিচয় দেওয়া হয়নি। আবেদনের অনুলিপি রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশের রংপুর বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি), নীলফামারীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ডাকযোগে সেটি জেলার সাংবাদিকদের কাছে পৌঁছায়।
আবেদনে বলা হয়েছে, বর্তমানে ছেলেমেয়েদের জেএসসি, জেডিসি, প্রাথমিক সমাপনী ও বার্ষিক পরীক্ষা চলছে। এর মধ্যে ১০ নভেম্বর থেকে নীলফামারী টাউন ক্লাব মাঠে জেলা শিল্প ও বণিক সমিতির মাসব্যাপী বাণিজ্য মেলা চলছে। এর কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক নীলফামারী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি এস এম সফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের এই মেলার কারণে শিশুদের পরীক্ষা বা লেখাপড়ার কোনো ক্ষতি হওয়ার সুযোগ নেই। কারণ, মেলায় উচ্চ স্বরে কোনো মাইক বা বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে না।’