বাণিজ্য মেলার আয়োজনে আপত্তি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) উদ্যোগে বাণিজ্য মেলার আয়োজন চলছে। এতে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সংগঠন বিজনেস ফোরাম মেলা বন্ধের দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। দাবি মানা না হলে আন্দোলনের হুমকি দিয়েছে তারা।
ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, বিজনেস ফোরাম মেলা বন্ধের দাবিতে গত মঙ্গলবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দুই শতাধিক ব্যবসায়ীর স্বাক্ষরসহ স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, মৌলভীবাজারের সাধারণ ব্যবসায়ীরা যাবতীয় কর প্রদান ও নিয়ম মেনে ব্যবসা-বাণিজ্য করছেন। এখানে ছোট শহরে ক্রেতা কম। তার ওপর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যবসায় মন্দাভাব লেগেই আছে। ব্যবসায়ীরা ব্যাংকঋণের কিস্তি ও পাইকারি মহাজনের টাকা সময়মতো শোধ করতে পারেন না। তা সত্ত্বেও কয়েক হাজার ব্যবসায়ী ঈদ ও দুর্গাপূজা সামনে রেখে বেশি বিক্রির আশায় বাড়তি পুঁজি বিনিয়োগ ও কর্মচারী নিয়োগ দিয়ে থাকেন। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটিরুজির বিষয়কে তোয়াক্কা না করে প্রায় প্রতিবছরই একশ্রেণির ফড়িয়া স্কুলমাঠে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েন। এ কারণে অনেকে দেউলিয়া হচ্ছেন।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, স্কুলের খেলার মাঠের পূর্ব দিকের প্রায় অর্ধেক জায়গা জুড়ে মেলার দোকানের জন্য বাঁশের কাঠামো তৈরি করা হয়েছে। উত্তর, পশ্চিম ও দক্ষিণ দিকের কাজ প্রায় শেষ। শুধু টিন লাগানো বাকি। পূর্ব দিকে শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষমেলা চলছে। সে কারণে ওই দিকে কাঠামো তৈরি করা হয়নি।
তানভির মিয়া (২২) নামের একজন শ্রমিক জানিয়েছেন, চার-পাঁচ দিন ধরে তাঁরা দোকান তৈরির কাজ করছেন। মৌলভীবাজার বিজনেস ফোরামের আহ্বায়ক নজরুল ইসলাম কামরান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঘন ঘন মেলায় ব্যবসায়ীদের মধ্যে অস্বস্তি ও অস্থিরতা বিরাজ করছে। অবরোধ-হরতালে এ বছর ভালো ব্যবসা হয়নি। গত রোজার ঈদে ব্যবসা ভালো ছিল না। ঈদ ও পূজার আগে মেলা হলে ব্যবসায়ীরা পথে বসবেন।’ তিনি জানান, একই মাঠে এ বছরের ফেব্রুয়ারি মাসে বিজয় মেলা শেষ হয়েছে।