বাণিজ্য মেলার মাঠ খেলাধুলার উপযোগী করার দাবি
শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার জন্য নির্ধারিত মাঠটি খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার দাবি জানিয়েছে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) নামের একটি সংগঠন।
মহান মে দিবসে সংগঠনটির উদ্যোগে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বাণিজ্য মেলার জন্য নির্ধারিত স্থানটিতে প্রতিবছর এক মাসের জন্য মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু মেলা শেষ হওয়ার পর পড়ে থাকা ইট, বালু, পাথরসহ মেলায় নির্মিত বিভিন্ন স্থাপনার পরিত্যক্ত অংশের কারণে মাঠটি খেলাধুলার উপযোগী থাকে না। অথচ এখানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছুটির দিনগুলোতে অনেকে দল বেঁধে খেলতে আসে। এলাকার আশপাশের বাসিন্দাসহ কর্মজীবী লোকজনও এখানে খেলাধুলা কিংবা বেড়ানোর জন্য আসেন। কিন্তু পরিবেশ খেলাধুলার উপযোগী নয়। তাই বক্তারা বাণিজ্য মেলার সময়টুকু বাদে বাকি ১১ মাসের জন্য জায়গাটি পরিষ্কার করে খেলাধুলা ও বেড়ানোর উপযোগী করে গড়ে তোলার দাবি করেন।
সমাবেশে এনডিএফের চেয়ারম্যান ইবনুল সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ
জামিল, গ্রিন মাইন্ড সোসাইটির নির্বাহী আমির হোসেন, কর্মজীবী খেলোয়াড়বৃন্দের সমন্বয়ক লিয়াকত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।