বাণিজ্য মেলার মাঠ পরিষ্কারের দাবিতে খেলোয়াড়বন্ধন
প্রতিবছরের শুরুতেই শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠটিতে আয়োজন করা হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মেলা উপলক্ষে বানানো হয় বিশাল আকৃতির সব স্টল। কিন্তু মেলা শেষে কয়েক মাস চলে গেলেও ভাঙা স্টলের ইট, কাঠসহ ভবনের বিভিন্ন অংশ মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকছে।
ঢাকা শহরে খেলার মাঠের অপ্রতুলতা ও বিনোদনের জায়গার অভাব থাকায় আশপাশের এলাকার শিক্ষার্থী, সাধারণ লোকজন বাণিজ্য মেলার ফাঁকা মাঠটিতে খেলতে আসে। কিন্তু পরিত্যক্ত ইট, বালি, পাথর, কাঠ ছড়িয়ে থাকায় এবং মাঠটি অসমতল হওয়ায় খেলাধুলা করা কষ্টকর। এর মধ্যেই প্রতিদিন বিশেষ করে ছুটির দিনে বিভিন্ন এলাকা থেকে লোকজন দল বেঁধে এই মাঠে খেলতে আসে। কিন্তু মাঠে আবর্জনা থাকায় তারা খেলতে পারে না। বাণিজ্য মেলায় ব্যবহৃত স্থাপনা অবিলম্বে মাঠ থেকে সরিয়ে নেওয়ার এবং বাণিজ্য মেলার উন্মুক্ত স্থানটি খেলার উপযোগী করার দাবিতে আজ সকাল আটটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ১০০ গজ পশ্চিমে বটগাছের নিচে একটি খেলোয়াড়বন্ধন আয়োজন করা হয়েছে। খেলোয়াড়বন্ধনের আয়োজন করেছে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি পরিবেশবাদী সংগঠন।
নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ বলেন, এক মাসের জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসে। কিন্তু মেলায় ব্যবহৃত স্থাপনা বাকি ১১ মাস এই মাঠটিতে পড়ে থাকে। এর ফলে মাঠের পরিবেশ নষ্ট, শিক্ষার্থীসহ সবার খেলাধুলায় সমস্যা হয়। মাঠটি পরিষ্কার করে খেলার উপযোগী করে দিলে সবাই উপকৃত হবে। এই মাঠে সাধারণ পরিবারের ছেলেরাই খেলতে আসে।