বাণিজ্য মেলার সামনে গাড়ির মালিকদের মানববন্ধনে বাধা
গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বাণিজ্য মেলার সামনে গাড়ির মালিকদের ডাকা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। কর্মসূচির ব্যানারও কেড়ে নেয় পুলিশ। এ সময় মেলার গেটের দায়িত্বে থাকা লোকজনও গাড়ির মালিকদের হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কয়েকজন গাড়ির মালিক প্রথম আলোকে ফোন করে জানান, গত ২৯ জানুয়ারি বাণিজ্য মেলার সামনে শতাধিক গাড়ি ভাঙচুর হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র এসব গাড়ি ভাঙচুর করেন। তাঁরা এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। একাধিক গাড়ির মালিক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৯ জানুয়ারি গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সকালে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকেরা মেলার সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। গতকাল সকাল ১০টার দিকে গাড়ির মালিকেরা মেলার সামনে ব্যানার নিয়ে জড়ো হলে সেখানে দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর মাহতাব তাঁদের ব্যানার কেড়ে নেন। তিনি কর্মসূচি বন্ধ করে দিতে বলেন। গাড়ির মালিকেরা এর প্রতিবাদ জানালে মেলার গেটের দায়িত্বে থাকা লোকজন কর্মসূচিতে অংশ নেওয়া লোকজকে হুমকি দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক গাড়ির মালিকের ছেলেকে মারধর করে তার টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এ সময় সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে তাঁদেরও হুমকি দেওয়া হয়। একজন সংবাদকর্মী তাঁদের মারধরের শিকার হন। মালিকেরা অভিযোগ করেন, বাণিজ্য মেলার শুরু থেকেই সেখানে বখাটেদের উপদ্রব শুরু হয়। কিন্তু পুলিশ এ ব্যাপারে কিছুই করেনি। জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। তবে গাড়ির মালিকেরা মেলার গেটের সামনে দাঁড়িয়ে থাকার কারণে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। এ কারণে সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। কেউ ব্যানার কেড়ে নেয়নি বলে তিনি জানান।