বাণিজ্য মেলায় ইতিহাসের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নজর কাড়ে অনেকেরই। ছবি: মনিরুল আলম
বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নজর কাড়ে অনেকেরই। ছবি: মনিরুল আলম

বাণিজ্য মেলায় বাণিজ্য তো থাকবেই। ঘুরে বেড়ানো, বিনোদন আর উদরপূর্তির ব্যবস্থারও কমতি নেই। কিন্তু ইতিহাসের কাছে পৌঁছানোর সুযোগ? সেটাও আছে এবার। স্বাধীন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানার সুযোগও রয়েছে এবারের মেলায়।
মেলার মূল ফটক দিয়ে ঢুকতেই ডান পাশে চোখে পড়বে ‘বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন’। দুই সপ্তাহ বয়সী মেলায় এরই মধ্যে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হিসেবে ধরা দিয়েছে এই প্যাভিলিয়ন। মেলায় ঘুরতে এসে এই প্যাভিলিয়ন ঘুরে দেখেন না, এমন দর্শনার্থী খুবই কম পাওয়া যাবে।

বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর জীবনের নানা বাঁকের নানা ধরনের ছবি রয়েছে। ছবি: মনিরুল আলম
বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর জীবনের নানা বাঁকের নানা ধরনের ছবি রয়েছে। ছবি: মনিরুল আলম


প্যাভিলিয়নটিও সাজানো হয়েছে বেশ আকর্ষণীয়ভাবে। এর প্রবেশমুখেই রয়েছে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য। পায়জামা-পাঞ্জাবি আর চিরচেনা ‘মুজিব কোট’ পরিহিত বঙ্গবন্ধুর এই ভাস্কর্য মনে করিয়ে দেয় সাতই মার্চের সেই কালজয়ী ভাষণের কথা।
প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর জীবনের নানা বাঁকের নানা ধরনের ছবি রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের তত্কালীন প্রেসিডেন্ট শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়ান, জাম্বিয়ার প্রেসিডেন্ট কেনেথ কাউন্ডা, কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো, ইংল্যান্ডের রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক ও খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা হচ্ছে প্যাভিলিয়নের দেয়ালে। এ ছাড়া বঙ্গবন্ধুর পারিবারিক বেশ কিছু ছবি এবং মুক্তিযুদ্ধকালীন অনেক ছবি রয়েছে প্রদর্শনীতে।

বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নে দর্শকদের একাংশ। ছবি: মনিরুল আলম
বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নে দর্শকদের একাংশ। ছবি: মনিরুল আলম

বঙ্গবন্ধুর স্মৃতিময় এসব ছবির পাশাপাশি ডিভিডিতে বঙ্গবন্ধুর নানা ভিডিও ফুটেজ সেখানে বসে দেখার ব্যবস্থাও রয়েছে। যুদ্ধকালীন এবং এর আগে-পরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিভিন্ন ভিডিও দেখে যেন ইতিহাসের কাছাকাছি পৌঁছতে পারেন দর্শনার্থীরা, সে জন্যই এ ব্যবস্থা।
এ ছাড়া দর্শনার্থীরা চাইলে সেখানে রাখা ছয়টি কম্পিউটারে বসে আধুনিক বাংলাদেশের স্বপ্ন ও সরকারের কর্মকাণ্ড নিয়ে নির্মিত তথ্যচিত্রও দেখতে পারছেন।
উত্তরা থেকে স্কুলপড়ুয়া একমাত্র মেয়ে শাপলাকে নিয়ে মেলায় এসেছেন শাহীনা রহমান। তিনি জানালেন, মেলায় প্রবেশের পরপরই তাঁরা এই প্যাভিলিয়নে ঢুকেছেন। মেয়েও বেশ আগ্রহ নিয়ে ছবিগুলো দেখেছে। শাপলা জানাল, নিজের পাঠ্যবইয়ে পড়া তথ্যগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছে সে।
ফেনীর তালাত ও ইলিয়াস মেলায় ঘুরতে ঢোকেন এই প্যাভিলিয়নে। জানালেন, বাণিজ্য মেলায় ব্যতিক্রমী এই উদ্যোগ তাঁদের ভালো লেগেছে। সেখানে তাঁরা নিজেদের কিছু ছবিও তুলছিলেন। এই প্রতিবেদককে দেখে অনুরোধ জানালেন দুই বন্ধুর একসঙ্গে একটি ছবি তুলে দিতে।
মোহাম্মদপুর থেকে তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে মেলায় এসেছিলেন  চিকিত্সক এস এম এ সোবহান। তিনি বলেন, প্যাভিলিয়নে দর্শনার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু স্বেচ্ছাসেবক রাখা গেলে আরও ভালো হতো।

তবে বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নে আসা অধিকাংশ দর্শনার্থীই বলেছেন, সেখানে ঢোকার জন্য কোনো প্রবেশমূল্য না থাকায় তাঁরা খুশি হয়েছেন।