বাণিজ্য মেলায় ছিল মানুষের স্রোত আর কিছু বিড়ম্বনা
বিকেলের শুরুতেও অতটা ভিড় ছিল না। কিন্তু শেষ বিকেল ও সন্ধ্যার শুরুতে পাল্টে যায় পরিবেশ। স্রোতের মতো মানুষ আসছে বাণিজ্য মেলায়। চার দেয়ালের গণ্ডিতে গতানুগতিক জীবনের বাইরে যেতে কার না মন চায়? সুযোগ পেয়ে গতকাল শুক্রবারের ছুটির দিনে তাই অনেকেই ছুটে এসেছে বাণিজ্য মেলায়।তবে মানুষ যত না কেনাকাটা করেছে, মনের আনন্দে ঘুরে বেড়িয়েছে তার চেয়ে বেশি। পাকিস্তান প্যাভিলিয়নের শাহ্ এন্টারপ্রাইজের বিক্রেতা এম এ হাসমি বলেন, সব ঘুরতে আসে। কেনে না বেশি। আসলেও তাই। অনেক প্রেমিক-প্রেমিকাকে অন্তরঙ্গভাবে ঘুরে সময় পার করতে দেখা গেল। কেউ কেউ বসে ফুচকা বা আইসক্রিম খাচ্ছিল, কেউ বা খোশ গল্প করছিল।মেলায় দু-একটি দুঃখজনক ঘটনাও ঘটেছে। একজন পুরুষের শার্টের কলার ধরে নিয়ে আসছিলেন মেলার নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন। পেছনে একজন নারী। তাঁর হাত থেকে রক্ত পড়ছে। বললেন, গলার লকেট টান দিয়ে নিয়ে যেতে চেয়েছিল ওই ছিনতাইকারী। বাধা দেওয়ায় ছুরি মেরেছে হাতে। পরক্ষণেই ধরা পড়েছে জনতার কাছে। অপকর্মের ফল অবশ্য পেয়েছে সে সঙ্গে সঙ্গেই। হাতের নাগালে যে পেয়েছে, কিছুটা উত্তম-মধ্যম সবাই দিয়েছে ওই ছিনতাইকারীকে।গতকালের মেলায় লাইন করে টিকিট কাটা, লাইন দিয়ে মেলায় ঢোকা আর গাড়ি পার্কিংয়ের বিড়ম্বনা তো ছিলই। ভিড় বেশি হলেই তিনটি কাজেই সময় লাগে দীর্ঘক্ষণ। এতে বিরক্তি কার না আসে? তবে ভিড় ঠেলে মেলা প্রাঙ্গণে ঢুকলেই আনন্দ—এটা সবারই জানা।সন্তানদের আবদারের কারণে মেলায় এসেছিলেন মিরপুর-২-এর ব্যবসায়ী আসাদুজ্জামান। আসবেন যখন, তখন পরিবারের অন্য সদস্যরা আর বাদ যাবে কেন? ফলে শেষমেশ একটি বড় দল নিয়েই মেলায় আসতে হলো তাঁকে। আসাদুজ্জামান বলেন, শুক্রবার ফ্রি, বাচ্চাদের স্কুল ছুটি, বায়না ধরল, তাই আসা।’দুই শিশুকে নিয়ে মেলায় এসেছিলেন সোহানা ফেরদৌসী। আগেও এসেছিলেন তিনি। আবার কেন এলেন—জানতে চাইলে মুচকি হেসে স্বামীকে উদ্দেশ করে বলেন, ‘শাস্তি দিতে এসেছি। কোথাও যেতে চায় না।’ বেচারা স্বামী। মেলা ঘুরে স্ত্রী-সন্তান যখন হাসছে, বিদায় মুহূর্তেও গোমড়া মুখ করে রেখেছিলেন তিনি।স্টলে স্টলে ঘুরে বেড়ানো, এটা-ওটা কেনা ছাড়াও কিছু বিনোদনের আয়োজনও আছে মেলায়। দোলনা, বাম্পার কার বা রেঞ্জারে উঠে আনন্দ নিয়েছে অনেকেই। দ্বীন ফার্নিচারের স্টলের সামনে দুটি বানর ও একটি রাজহাঁসের সামনেও ভিড় ছিল অনেক। যাত্রাবাড়ী থেকে আসা ছোট্ট শিশু সানিকে কোনোভাবেই সে জায়গা থেকে সরাতে পারছিলেন না তার বাবা রুহুল আমিন। বললেন, ‘অন্যদিন ছুটি পাই না। তাই শুক্রবার ছেলেটাকে নিয়ে ঘুরতে বেরোলাম।’