বছরের প্রথম দিনেই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কিন্তু দোকানপাটের নির্মাণকাজ পুরো শেষ হয়নি। গতকাল শনিবার দ্বিতীয় দিনেও অনেক প্যাভিলিয়নের নির্মাণকাজ চলতে দেখা যায়। এর মধ্যে বিদেশি প্যাভিলিয়নের সংখ্যাই বেশি। তবে মেলায় বিপুল দর্শনার্থী আসতে শুরু করেছেন।
মেলার প্রধান ফটক দিয়ে ঢুকে ডান দিকে এগোলে বিদেশি প্যাভিলিয়নের গলি। ২০টির মতো প্যাভিলিয়ন আছে এই গলিতে। দেখা যায়, প্যাভিলিয়নগুলোর সাজসজ্জা শেষ হয়নি। কিছু প্যাভিলিয়নের কাজ মাত্র শুরু হয়েছে।
বিদেশি প্যাভিলিয়নের ২৫ নম্বরে মালয়েশিয়ান, ২৬ নম্বরে ইতালি, ২৬-এ তে পাকিস্তানি প্যাভিলিয়ন হবে। পুরোদমে নির্মাণকাজ চলছে। টাইলস বসানো, ভেতরের অন্দরসজ্জার কাজ করছেন নির্মাণশ্রমিকেরা।
একটি পাকিস্তানি প্যাভিলিয়নের বাংলাদেশি প্রতিনিধি মো. হাসান বলেন, এবার নির্মাণশ্রমিকদের অনেক সংকট ছিল। মেলা কর্তৃপক্ষের বরাদ্দ দিতে একটু সময় বেশি লাগায় কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে দু-এক দিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।
তবে মেলা শুরুর আগেই নিজেদের স্টল, প্যাভিলিয়ন সাজানো শেষ করেছেন অনেকে। প্রতিটি প্যাভিলিয়ন বানানো হয়েছে স্বকীয়তা বজায় রেখে। একেকটি চোখধাঁধানো। এসব সাজানো, গোছানো প্যাভিলিয়নেই ভিড় জমাচ্ছিলেন মেলায় আসা দর্শনার্থীরা।
আসবাবের দোকান হাতিলের প্যাভিলিয়ন নির্মাণকাজ ও সাজানো শেষ হয়েছিল মেলা শুরুর আগেই। গতকাল শনিবার সারা দিনই মেলায় আগতরা ঘুরে দেখেছেন হাতিলের প্যাভিলিয়ন। দোতলা প্যাভিলিয়নে আছে নতুন সব ডিজাইনের আসবাব। প্যাভিলিয়নের দায়িত্বে থাকা অতুল প্রসাদ সরকার বলেন, ‘মেলা শুরুর আগের দিনই আমাদের প্যাভিলিয়ন সাজানোর কাজ শেষ। মূলত নতুন পণ্য ক্রেতাদের দেখানোর উদ্দেশ্যেই হাতিলের মেলায় অংশ নেওয়া। মেলার দ্বিতীয় দিন হিসেবে অনেক দর্শনার্থী এসেছেন।’
মেলায় দর্শনার্থীরা এক প্যাভিলিয়ন থেকে আরেক প্যাভিলিয়নে ঘুরছিলেন। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে তুলে ধরতে বঙ্গবন্ধু প্যাভিলিয়নে ছিল চোখে পড়ার মতো ভিড়।
মেলা আয়োজক কমিটির সদস্যসচিব রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিদেশি প্যাভিলিয়নের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ এলে বরাদ্দপত্র দেওয়া হয়। তাই কিছু বিদেশি প্যাভিলিয়নের কাজ শুরু করতে দেরি হয়েছে। মেলা শুরুর চার-পাঁচ দিন একটু কাজ চলে। তবে অন্য বছরের তুলনায় এবার মেলা শুরুর আগেই বেশির ভাগ স্টলের কাজ শেষ হয়েছে।