বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল বরাদ্দ বাতিলের দাবি
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এ জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবির) চেয়ারম্যান শুভাশীষ বসুর কাছে স্মারকলিপি দিয়েছেন মঞ্চের নেতা-কর্মীরা।
১১ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল বরাদ্দ না দিতে আজ মঙ্গলবার দুপুরে স্মারকলিপি দিতে কারওয়ান বাজারের ইপিবি কার্যালয়ে যান গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। পরে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার স্মারকলিপি ইপিবির চেয়ারম্যানের হাতে দেন।
জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে ইপিবির চেয়ারম্যান শুভাশীষ বসু প্রথম আলো ডটকমকে বলেন, ‘গণজাগরণ মঞ্চের স্মারকলিপি পেয়েছি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের (ইপিবির) নেই। বিষয়টি আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করব।’ তিনি জানান, এবারের মেলায় পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট সাতটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে অবরোধ ও নির্বাচন সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ১০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে ১ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি শুরু হবে মাসব্যাপী এই মেলা। বাণিজ্য মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
ইপিবি এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে মাসব্যাপী ১৯তম এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে। এবারের মেলায় ৪৮৪ স্টল থাকবে। এর মধ্যে ৯২টি সাধারণ, প্রিমিয়ার ও বিদেশি প্যাভিলিয়ন, ৪৯টি মিনি প্যাভিলিয়ন, স্টল ৩২৯টি এবং রেস্তোরাঁ ১০টি। এবার বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নের পাশাপাশি সুন্দরবন ইকো পার্কসহ সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের স্টল থাকবে।