বাণিজ্য মেলায় মাদকবিরোধী প্রচারণা
রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মাদকবিরোধী প্রচারণার জন্য একটি প্যাভিলিয়ন খোলা হয়েছে। প্যাভিলিয়নটির ক্রমিক নম্বর দুই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাণিজ্য মেলার উদ্বোধনী দিন ১ জানুয়ারি থেকে এই প্যাভিলিয়ন পরিচালনা করছে। গতকাল সোমবার এই প্যাভিলিয়নে মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে প্রকাশিত পুস্তিকার মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান। প্যাভিলিয়ন তত্ত্বাবধান করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অভিযান) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান খান গতকাল প্রথম আলোকে বলেন, বাণিজ্য মেলার এই প্যাভিলিয়নে মাদকবিরোধী প্রচারণা ও মাদকসক্ত ব্যক্তিদের কীভাবে মাদকমুক্ত রাখা যায়, সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। মাদকাসক্ত ব্যক্তিরা কোথায় সঠিক চিকিৎসা পেতে পারেন সে তথ্যও পাওয়া যাবে এখানে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ টি এম কামরুল ইসলাম বলেন, মাদকসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্যাভিলিয়নে হটলাইন চালু করা হয়েছে।