বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে লুটপাট
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হওয়ার মুহূর্তে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার মেলার শেষ দিন রাতে পোশাক, খাবারের দোকানসহ বিভিন্ন স্টলে ঘণ্টাব্যাপী এ লুটপাট চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাত আটটা থেকে এ লুট শুরু হয়। বিভিন্ন স্টলে ১৫ থেকে ২০ জনের একেকটি দল ঢুকে লুটপাট করে। দুর্বৃত্তরা ব্লেজার, বিরিয়ানিসহ বিভিন্ন সামগ্রী লুট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেলার অভ্যন্তরে একপর্যায়ে পুলিশ মোতায়েন করা হয়। নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। লুটের সময় দুর্বৃত্তরা নিজেদের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করে।
খালিদ এন্টারপ্রাইজ নামের একটি পোশাক স্টলের বিক্রয়কর্মী মো. ইলিয়াস বলেন, প্রতিবছরই মেলা শেষ হওয়ার মুহূর্তে এ ধরনের লুটপাটের ঘটনা ঘটে। তবে এ বছর বেশি হয়েছে।
এ ব্যাপারে মেলার দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহির বলেন, ‘সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে। তবে কেউ আটক হয়নি।’