ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে ওয়াহিদউদ্দিন মাহমুদ
বাণিজ্য-সংক্রান্ত কূটনীতিতে বাংলাদেশের সামর্থ্য কমছে
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের মতো দেশকে খুব বেশি সহায়তা করছে না। ভারত ও পাকিস্তানের মতো দেশ বাণিজ্য-সংক্রান্ত কূটনীতি দিয়ে অনেক কিছুই করছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে বাণিজ্য-সংক্রান্ত কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্য কমছে।
গতকাল শুক্রবার ‘বিশ্বায়ন ও বাণিজ্য: দক্ষিণ এশিয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগ (ইএসএস) মহাখালীর ব্র্যাক সেন্টারে এই সম্মেলনের আয়োজন করে।
বিশ্বায়নের যুগে বাণিজ্য বাড়াতে শিক্ষাব্যবস্থা আধুনিক ও সময়োপযোগী করার তাগিদ দেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ভারতের শিক্ষাব্যবস্থাকেই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো অনুসরণ করে। কিন্তু এই ব্যবস্থা থেকে বের হয়ে এসে প্রান্তিক পর্যায়ের মানুষকে শিক্ষার সুযোগ করে দিতে হবে। এতে উৎপাদনশীলতা বাড়বে। তিনি তৈরি পোশাক খাত ও প্রবাসে পাঠানোর জন্য দক্ষ জনশক্তি তৈরি এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ দেন। এই অর্থনীতিবিদ মনে করেন, বিশ্ববাজারে তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রতিযোগীসক্ষম হওয়ার অন্যতম কারণ শ্রমিকদের নিম্ন মজুরি। কিন্তু তা দারিদ্র্য বিমোচনে খুব বেশি সহায়তা করছে না। তৈরি পোশাক খাতের নিম্ন মজুরির সুযোগ নিয়ে ধনী দেশগুলো বেশি লাভবান হচ্ছে। এ খাতের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরামর্শ দেন তিনি।
আলোচনা পর্বে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ২০-৩০ বছরে বিশ্বায়নের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে। তৈরি হবে কয়েকটি দেশের সমন্বয়ে বাণিজ্যনির্ভর ‘মেগা ব্লক’। এমন অবস্থায় বাণিজ্য সহজীকরণের বিকল্প নেই। তিনি বাংলাদেশে বাণিজ্য-সহায়ক অভ্যন্তরীণ পরিবেশ তৈরি করার বিষয়টির ওপর গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। এ জন্য শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ, পণ্যের চলাচল সহজ করতে অবকাঠামো নির্মাণ ও শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার পরামর্শ দেন।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ব্যবসায় ব্যয় ১০ থেকে ২০ শতাংশ কমাতে পারলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য আরও প্রতিযোগীসক্ষম হবে। তাঁর মতে, ভৌগোলিক অবস্থানগত সুবিধা নিয়ে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করতে পারে বাংলাদেশ।
সম্মেলনের চারটি কর্ম-অধিবেশনে ১৪টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিআইডিএসের সাবেক মহাপরিচালক কাজী সাহাবুদ্দিন, বর্তমান মহাপরিচালক মুস্তাফা কে মুজেরি ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহাদ খলিল। স্বাগত বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইএসএস বিভাগের প্রধান সৈয়দ এম হাশেমী।