বাণিজ্য সংবাদ
এসিবিএসপির স্বীকৃতি পেল এনএসইউ
অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) স্বীকৃতিপ্রাপ্তি উপলক্ষে নর্থসাউথ বিশ্ববিদ্যালেয় সম্প্রতি এক সেমিনারের আয়োজন করা হয়। এতে এসিবিএসপির নির্বাহী পরিচালক ও সিইও ডগলাস ভিল্যান্ড এনএসইউ কর্তৃপক্ষের হাতে স্বীকৃতি স্মারকটি তুলে দেন। সেমিনারে উপস্থিত ছিলেন ভারতের আপিজাই স্কুল অব ম্যানেজমেন্টের পরিচালক অলক সাক্লানি এবং এনএসইউ অ্যাক্রিডিটেশন বিশেষজ্ঞ বিজয় সাহো, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিন ইউ সরকার, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং স্কুল অব বিজনেসের ডিন মোহাম্মাদ মাহবুব রাহমান। বিজ্ঞপ্তি।
জিগাতলায় আরএফএলের ‘বেস্ট বাই’
রাজধানীর জিগাতলায় আরএফএলের ‘বেস্ট বাই’ আউটলেট উদ্বোধন করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাবউদ্দিন আহমেদ সম্প্রতি এই আউটলেট উদ্বোধন করেন। বেস্ট বাইয়ের এজিএম গিয়াস উদ্দিন বিশ্বাস, অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান, ম্যানেজার সেলস মিজানুর রহমান, ভিজ্যুয়াল মার্চেন্ডাইজার ওমর শরীফসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
এসবিএসি ব্যাংকের শাখা সাতক্ষীরায়
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ২৬তম শাখা সাতক্ষীরার সুলতানপুরে পিএন হাইস্কুল রোডে উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, পর্ষদ সদস্য মো. আমজাদ হোসেন ও মৃণাল কান্তি দেবনাথ। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলামসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
কাতার এয়ারওয়েজের ‘গ্লোবাল প্রমোশন উইক’
ইউরোপ, আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও আমেরিকা ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ‘গ্লোবাল প্রমোশন উইক’ নামে একটি প্যাকেজ চালু করেছে কাতার এয়ারওয়েজ। এতে এই ব্যক্তিরা বিমান ভাড়ার ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ৩ নভেম্বর শুরু হওয়া এই প্যাকেজ চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আর ৬ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ জুন পর্যন্ত এটি বৈধ থাকবে। বিজ্ঞপ্তি।