বাণিজ্যবৈষম্য কমাতে দ্রুত এফটিএ চায় চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে বিপুল বাণিজ্যবৈষম্য কমাতে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই করতে আগ্রহী চীন। এ জন্য এফটিএ নিয়ে আলোচনার প্রক্রিয়ায় গতি আনা উচিত। দেশটি মনে করে, দুই দেশ এফটিএ সই করলে তাদের অনুকূলে থাকা বৈষম্যমূলক বাণিজ্যে যৌক্তিকভাবে ভারসাম্য আনা যাবে।
গতকাল মঙ্গলবার দুই দেশের ১১তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং ঝুয়ানু এ অভিমত দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
দুই দেশের আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা ও চলমান প্রকল্প, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, শিক্ষা, সামুদ্রিক অর্থনীতিতে দ্বিপক্ষীয় বিভিন্ন খাতে সহযোগিতার প্রসঙ্গ আসে। এ ছাড়া আঞ্চলিক ও উপ-আঞ্চলিক প্রেক্ষাপটে চীন ও দক্ষিণ এশিয়া, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ও বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিআইএম ইসি) এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘের সংস্কার ও জলবায়ু পরিবর্তন নিয়ে দুই পক্ষ আলোচনা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২০১৪ সালের ডিসেম্বরে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে এফটিএ সই করার প্রস্তাব দেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে চীন থেকে বাংলাদেশ আমদানি করেছে ৮ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য এবং রপ্তানি করেছে প্রায় সাত শ মিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ চীনে রপ্তানি সে দেশ থেকে আমদানির এক-দশমাংশেরও কম। বিশ্বের সব দেশের মধ্যে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যবৈষম্যের পরিমাণ সবচেয়ে বেশি।
গতকাল পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কং ঝুয়ানু এফটিএ সইয়ের জন্য আলোচনার প্রক্রিয়ায় গতি আনার প্রস্তাব দেন। তিনি আসিয়ানের (দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা) সদস্য স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সঙ্গে এফটিএর প্রসঙ্গ টেনে বলেন, চুক্তি সইয়ের ফলে ওই দেশগুলো থেকে চীনে রপ্তানি বেড়েছে। এতে বাণিজ্যবৈষম্য কমেছে।
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানান, বাণিজ্য নিয়ে মিথটা হচ্ছে চীনের সঙ্গে বাণিজ্যের কারণে সস্তা পণ্যে সহযোগী দেশের বাজার সয়লাব হয়ে যাবে। আসিয়ানের অভিজ্ঞতা দেখিয়েছে, এলডিসির এ আশঙ্কা ঠিক নয়। কারণ, এফটিএর কারণে দুর্বল অর্থনীতির দেশের রপ্তানি বাড়ে।
বৈঠক সূত্রে জানা গেছে, চীনের দলনেতা বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে এখান থেকে আশপাশের দেশে রপ্তানি বাড়ানোর আভাস দিয়েছেন। তিনি বাংলাদেশে একটি সমন্বিত শিল্পব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চীনের সহায়তার কথা জানিয়েছেন। সেই সঙ্গে চীনের শ্রমঘন শিল্প বাংলাদেশে স্থানান্তরের ইঙ্গিত দিয়েছেন। এসব কিছুর জন্য তিনি ব্যবসা-সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।
তবে চীন দ্রুত এফটিএ সইয়ে আগ্রহী থাকলে ঠিক একই তালে নেই বাংলাদেশ। গতকালের বৈঠকে ২০১৪ সালে চীনের দেওয়া প্রস্তাবের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এ নিয়ে কিছু জানাতে পারেননি।
এদিকে চীনের শীর্ষ নেতৃত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্য এই প্রতিবেদককে জানান, দুই দেশ যদি উচ্চ পর্যায়ের আলোচনা ও সফরবিনিময় অব্যাহত রাখতে পারে, তবেই চীনের শীর্ষ নেতার এ বছরের কোনো এক সময় ঢাকায় আসার আভাস দিয়েছেন কং ঝুয়ানু। তবে সফরটি যাতে শুধু আসা-যাওয়ায় সীমিত না থেকে অর্থবোধক হয়, তিনি সেটার ওপর জোর দিয়েছেন।