বাণিজ্যমন্ত্রীর বাসভবনে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারের বাণিজ্যমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরের লালমনিরহাটের বাসভবনে ককটেল হামলা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে জেলা শহরের সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত মন্ত্রীর বাসভবনে তিনটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়।

বাণিজ্যমন্ত্রীর লালমনিরহাট বাসভবনের তত্ত্বাবধায়ক হামিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গভীর রাতে বিস্ফোরণের বিকট শব্দ শুনে ঘর থেকে উঠানে বের হই। বাসভবনের ভেতরে গাড়ি রাখার বন্ধ গ্যারেজের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হওয়ার চিহ্ন দেখতে পাই। অপর একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।’

খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। আলামত সংগ্রহ ও অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

লালমনিরহাট-৩ আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে গোলাম মোহাম্মদ কাদের নির্বাচন করার জন্য জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। লালমনিরহাট সফরে এলে মাঝেমধ্যে সদর হাসপাতাল রোডের ওই বাসভবনে ওঠেন তিনি। তবে সরকারি নিয়ম অনুযায়ী তিনি বেশির ভাগ সময় সার্কিট  হাউসে অবস্থান করেন।