ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট ও মেঘনার মাঝের চরের দখল নিয়ে ফারুক ব্যাপারী ও আশিকুর রহমান মেম্বারের মধ্যে বিরোধ চরমে উঠেছে।
গত শুক্রবার সন্ধ্যারাতে আশিকুর রহমানের লোকজন উপজেলার পরানগঞ্জ এলাকায় ফারুক ব্যাপারীকে পিটিয়ে জখম করে অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে ফারুক ব্যাপারীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বাসভবনের সামনে ইলিশাবাসী ফারুক ব্যাপারীর ওপর হামলার প্রতিবাদে ও আশিকুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশকে মন্ত্রী আশিকুর রহমানকে গ্রেপ্তারের নির্দেশ দেন। আশিকুর রহমান ওই সময় ভোলা সদর হাসপাতালে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের একাধিক সূত্র জানায়, আশিকুর রহমান ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের নেতা। তিনি ইলিশা ঘাট থেকে জোর করে ঘাটের ইজারা আদায় করতেন। পরে ফারুক ব্যাপারী সেখানে ঘাটগুলোর দখল নেন এবং বিআইডব্লিউটিএ থেকে ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাটের ইজারা নেন। একই সঙ্গে তিনি জেলা পরিষদের খেয়াঘাটের ইজারাও নেন।
সূত্র আরও জানায়, ফারুক ব্যাপারী ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজল ব্যাপারীর ভাই। তিনি মেঘনার মাঝে জেগে ওঠা গাজীপুর চর, চর বৈরাগ্য ও মধুপুর ডুবোচর দখল করে অবৈধ জাল ও চাঁই পেতে বিভিন্ন মাছের জাটকা-পোনা আহরণ করেন।
ফারুক ব্যাপারী প্রথম আলোকে বলেন, তিনি চরের জমির মালিকদের কাছ থেকে বার্ষিক ইজারা নিয়ে মাছ ধরেন ও গবাদিপশু পালন করেন। এ জন্য চরের মালিকদের বছরে প্রায় সাড়ে তিন লাখ টাকা লগ্নি দেন। আশিকুর রহমান মেম্বার হঠাৎ করে ওই চরের দখল নিতে চান। আশিকুর দাবি করেন, মালিকেরা ওই জমি তাঁকে লগ্নি দিয়েছেন। কিন্তু এর কোনো ভিত্তি নেই। এ নিয়ে তাঁর সঙ্গে বিরোধ শুরু হয়। মূলত শত্রুতা শুরু হয় ইলিশার ঘাটগুলো ইজারা নেওয়াকে কেন্দ্র করে।
এদিকে গতকাল শনিবার সকাল ১০টার দিকে ভোলা-গাজীপুর সড়কে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ির সামনে পূর্ব ইলিশার কয়েক শ মানুষ ফারুক ব্যাপারীর ওপর হামলার প্রতিবাদে ও আশিকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। এ খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে আশিকুর রহমান ভোলা সদর হাসপাতালে ভর্তি হন। তিনি এখন সিসিইউতে চিকিৎসাধীন। দেখা যায়, পুলিশ তাঁকে ঘিরে আছে। উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ বলেন, তাঁকে গ্রেপ্তারের নির্দেশ হয়েছে।
আশিকুর রহমানের ভাই আল আমিন বলেন, তাঁর ভাই নির্দোষ। তাঁর ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা হওয়ায় তিনি সিসিইউতে চিকিৎসাধীন।