রাজধানীর মতিঝিলসহ দেশের সব বাণিজ্যিক এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, বাণিজ্যিক এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।
আবুল কাসেম বলেন, কমিটি মনে করে, বিএনপি-জামায়াতের প্ররোচনায় ৫ মে হেফাজতে ইসলাম মতিঝিলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ পল্টন এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। এতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় হওয়ায় ওই এলাকায় যেকোনো ধরনের সমাবেশ ব্যাংকের নিরাপত্তার জন্য হুমকি। বাণিজ্যিক এলাকায় এ ধরনের বিশৃঙ্খলা অর্থনীতির জন্য হুমকি।
বৈঠকে নিরাপত্তার ও অবকাঠামো সমস্যায় থাকা ঢাকা ও চট্টগ্রামের দুই থেকে আড়াই শ তৈরি পোশাকশিল্প কারখানা স্থানান্তর করতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সুপারিশ করা হয়। এ বিষয়ে কমিটির সদস্য টিপু মুনশী বলেন, ‘রানা প্লাজায় ধসের পর গার্মেন্টস কারখানার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে দুই-আড়াই শ কারখানার অবস্থা ভালো নয়। এসব কারখানা নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এসব কারখানাকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়া দরকার।’ তিনি জানান, দেশের প্রায় ২০ শতাংশ কারখানা আবাসিক ভবনে আছে। ৫০ শতাংশ কারখানা বিভিন্ন মার্কেটসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে। বাকিগুলো নিজস্ব ভবনে অবস্থিত।
বৈঠকে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং যশোরের বেনাপোলে একটি সীমান্ত হাট স্থাপনের জন্য সুপারিশ করা হয়। এ বি এম আবুল কাসেমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তহুরা আলী, টিপু মুনশী, রুমানা মাহমুদ, এম আবদুল লতিফ ও শেখ আফিল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।