বাণিজ্যিক জমি আবাসিক দেখিয়ে রাজস্ব ফাঁকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির আশ্রয় নিয়ে বরগুনার পাথরঘাটা শহরের টিটু সিনেমা হলসহ ৪৮ দশমিক ৭৫ শতাংশ বাণিজ্যিক জমি আবাসিক দেখিয়ে বিক্রি করা হয়েছে। এতে সরকারের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা শহরে সরকার-নির্ধারিত প্রতি শতাংশ বাণিজ্যিক জমির দাম দুই লাখ ৬০ হাজার টাকা এবং আবাসিক জমির দাম ৭০ হাজার টাকা। এ হিসাবে সিনেমা হলের ওই বাণিজ্যিক জমির দাম প্রায় এক কোটি ২৭ লাখ টাকা ও ভবনের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এতে সরকার রাজস্ব পেত প্রায় ১২ লাখ টাকা।পাথরঘাটা সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সিনেমা হল ভবনসহ ৪৮ দশমিক ৭৫ শতাংশ জমি হারেচ মৃধা ও নাজমা বেগমের কাছে ৭১ লাখ টাকায় বিক্রি করা হয়। সিনেমা হল ও জমির মালিক আবদুল আলীম গত ২৩ মে ওই জমি রেজিস্ট্রি করে দেন। এ সময় ওই বাণিজ্যিক জমির ৩০ দশমিক ৭৫ শতাংশ আবাসিক দেখিয়ে রেজিস্ট্রি করা হয়। এতে সরকার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। পাথরঘাটা দলিললেখক সমিতির সদস্য আবদুর রাজ্জাক এই রাজস্ব ফাঁকির বিষয়ে বরগুনা জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৪৮ দশমিক ৭৫ শতাংশ জমির ১৬৭ ও ১৬৯ নম্বর মূল খতিয়ানে থেকে ওই জমি বাণিজ্যিক হিসেবে ৫৬৮ নম্বর নতুন খতিয়ানে রেকর্ড করা হয়। ওই জমি বিক্রি করার সময় নাম খারিজে (মিউটেশন) ৩০ দশমিক ৭৫ শতাংশ আবাসিক দেখানো হয়। পাথরঘাটা সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটি ভুলবশত হতে পারে। যদি নিয়মবহির্ভূত কিছু হয়, তাহলে তা সংশোধনযোগ্য।’আবদুর রাজ্জাক বলেন, তৎকালীন সাব-রেজিস্ট্রার (বর্তমানে আমতলী উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত) মনজুরুল আলমের যোগসাজশে এবং উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মোহরার কিশোর কুমার বড়াল ও দলিললেখক কেশব চন্দ্র বড়াল এ ঘটনায় জড়িত রয়েছেন। মোহরার কিশোর কুমার বড়াল বলেন, কাগজপত্র অনুযায়ী সরকারি নিয়মনীতি মেনেই ওই দলিল রেজিস্ট্রি করা হয়েছে। এতে কোনো রাজস্ব ফাঁকি দেওয়া হয়নি। বরং ওই জমির যে ৪৬ লাখ টাকার বায়নাচুক্তি রেজিস্ট্রি করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি মূল্যে ওই জমির দলিল রেজিস্ট্রি করা হয়েছে। সাব-রেজিস্ট্রার মনজুরুল আলম বলেন, ‘দলিল রেজিস্ট্রি করার সময় আমাকে বলা হয়েছে জমিতে ভাঙা একটি কাঠের ঘর রয়েছে। ওই জমিটি বাণিজ্যিক না আবাসিক জমি হিসেবে দলিল হয়েছে এ মুহূর্তে তা মনে পড়ছে না।’ বরগুনা জেলা রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) সাইদুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনা খতিয়ে দেখতে রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’