বাণিজ্যিক জাহাজে ওঠার বাধা দূর করার দাবি, ক্লাস বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটরা বাণিজ্যিক জাহাজে ওঠার ক্ষেত্রে বাধাগুলো অপসারণের দাবি জানিয়েছেন। দাবি আদায়ে তাঁরা টানা ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেছেন।গতকাল শনিবার দুপুরে ক্যাডেটরা চট্টগ্রাম নগরের একটি স্থানীয় হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৩০তম ব্যাচের ক্যাডেট জাবের আহমেদ। গতকাল থেকেই তাঁরা ক্লাস বর্জন কর্মসূচি পালন শুরু করেছেন।ক্যাডেটদের সংবাদ সম্মেলন ও ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণার পর মেরিন ফিশারিজ কর্তৃপক্ষ গতকাল বিকেলে একাডেমি বন্ধ ঘোষণা করেছে। কর্তৃপক্ষ সন্ধ্যা ছয়টার মধ্যে ক্যাডেটদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে। তবে ক্যাডেটরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা হল ছাড়বেন না। একাডেমিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।মেরিন ফিশারিজ একাডেমির চলমান তিনটি ব্যাচের (৩০, ৩১ ও ৩২) ক্যাডেটরা গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্যে বলা হয়, দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজে কাজ করতে হলে ধারাবাহিক ডিসচার্জ সনদ (সিডিসি) নেওয়া বাধ্যতামূলক। বিদেশি জাহাজে প্রচুর চাহিদা থাকার কারণে গত ২৬তম ব্যাচ থেকে ৫০ শতাংশকে সরাসরি এবং বাকি ক্যাডেটদের পরের বছর সিডিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু দুই ব্যাচ পর তা বন্ধ করে দেওয়া হয়। অথচ একই ধরনের প্রশিক্ষণ দেওয়া আরেক সরকারি প্রতিষ্ঠান মেরিন একাডেমির সব ক্যাডেটকে সিডিসি দেওয়া হয়।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। একাডেমির কর্মকর্তারা বিকেলে ক্যাডেটদের সঙ্গে বৈঠক করেছেন।একাডেমির সাবেক ক্যাডেট মো. আবু সাদাত প্রথম আলোকে বলেন, ‘রোববার সকাল নয়টায় বৈঠকের জন্য অধ্যক্ষ সাবেক ক্যাডেটদের ডেকেছেন। এর আগে বর্তমান তিন ব্যাচের ক্যাডেটদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিষয়টির সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত কেউ হল ছাড়ব না।’এসব বিষয়ে জানতে ফিশারিজ একাডেমির অধ্যক্ষ এ টি জি এম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।