
বাণিজ্যিক পার্ক ও ইকোপার্কের মধ্যে কোনো পার্থক্য নেই। নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএর জায়গায় যে পার্ক স্থাপন করা হয়েছে, সেটিও ইকোপার্ক।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় ‘চৌরঙ্গী ফ্যান্টাসি ইকোপার্ক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, যাঁরা এর (চৌরঙ্গী ফ্যান্টাসি ইকোপার্ক) বিরুদ্ধে কথা বলছেন, তাঁরা ভুল বলছেন। তিনি বলেন, ‘শুধু ঢাকার চারদিকেই নয়, সারা দেশেই নদীর তীরে ইকোপার্ক নির্মাণ করা হবে। ঢাকা ও নারায়ণগঞ্জের পর নাটোর ও মাদারীপুরে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে ইকোপার্ক নির্মাণ করা হবে। এসব পার্ক পরিচালনার জন্য সরকারের যথেষ্ট পরিমাণ জনবল নেই। এ জন্য আমরা বেসরকারি পরিচালনায় পার্কগুলো নির্মাণের অনুমোদন দিয়েছি, যাতে নদীর তীরে শিশু-কিশোরদের বিনোদনের ব্যবস্থা হয়।’
এদিকে মন্ত্রীর অনুষ্ঠান চলার সময় খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএর মালিকানাধীন বরফকল মাঠে বহুতল ভবন নির্মাণ না করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। এ প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমাদের বিবেচনাধীন আছে। শিশু ও কিশোর খেলোয়াড়দের মাঠের দাবি অপূরণীয় থাকবে না। যতক্ষণ পর্যন্ত বিকল্প ব্যবস্থা না হবে, ততক্ষণ পর্যন্ত এই মাঠটি খেলার মাঠ হিসেবেই থাকবে। এ মাঠে খেলোয়াড়রা খেলাধুলা করতে পারবে।’
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান, চৌরঙ্গী ফ্যান্টাসি ইকোপার্কের স্বত্বাধিকারী আবদুস সাত্তার, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন প্রমুখ।