বাণিজ্যিক প্রতিষ্ঠান ও খালেদা জিয়ার অফিস সরিয়ে নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের বাড়ি থেকে বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার অফিস সরিয়ে নেওয়ার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি ২২টি দেশের দূতাবাসসহ গুলশান ও নিকুঞ্জ এলাকার যেসব আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো অন্যত্র সরিয়ে নিতে বলেছে। সংসদীয় কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আবাসিক বাড়িতে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিষয় তদন্তে গত ২৯ মার্চ কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরীকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়। কমিটি গতকাল তাদের এ-সংক্রান্ত প্রতিবেদন মূল কমিটির বৈঠকে উপস্থাপন করেছে। এ প্রতিবেদন অনুযায়ী গুলশান ও নিকুঞ্জ এলাকায় মোট ৫০০টি আবাসিক বাড়ি বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের অফিস (রোড-৮৬, বাড়ি-৬) এবং ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালিসহ ২২টি দেশের দূতাবাস রয়েছে। এ ছাড়া বাড়িগুলোতে রয়েছে বেশ কয়েকটি ব্যাংক, হাসপাতাল, বিপণিবিতানসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, এমনকি সরকারি প্রতিষ্ঠানের অফিসও। উপকমিটির প্রতিবেদন থেকে জানা গেছে, গুলশানে ৪৮৬টি এবং নিকুঞ্জে ১৪টি আবাসিক বাড়িকে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করা হচ্ছে। রাজউকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফি জমা দিয়ে আবাসিক প্লটকে বাণিজ্যিক প্লটে রূপান্তর করা যায়। কিন্তু অভিযুক্ত বাড়িগুলো এই নীতিমালা মানেনি। কমিটি গুলশান ও নিকুঞ্জ এলাকার মূল সড়কের পাশের প্লটের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের মধ্যে তেজগাঁও শিল্প এলাকায় সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে বলেছে রাজউককে। সংযোগ সড়কের পাশে অবস্থিত বাড়ির অবৈধ ব্যবহারকারীদের প্রতিষ্ঠানগুলো এক বছর এবং ভেতরের রাস্তার পাশের বাড়ির প্রতিষ্ঠানগুলো দেড় বছরের মধ্যে সরিয়ে ফেলার সুপারিশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আবাসিকের চেয়ে বাণিজ্যিক প্লটের হোল্ডিং ট্যাক্স অনেক বেশি। অথচ এসব বাড়ির মালিকেরা আবাসিক ট্যাক্স দিয়ে অন্যায়ভাবে বাড়িগুলো থেকে বাণিজ্যিক সুবিধা নিচ্ছেন।’ বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ও দূতাবাস সম্পর্কে নূর-ই-আলম বলেন, ‘কমিটি বিশেষ কোনো প্লটের কথা বলেনি। সমস্যাটিকে সার্বিকভাবে বিবেচনা করেছে।’ পাঁচ প্রতিষ্ঠান নিয়ে সন্দেহ: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পাঁচটি প্রতিষ্ঠানের অনুকূলে নতুন করে যে ভূমি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে, তা বিধিসম্মত হয়নি বলে সন্দেহ করছে সংসদীয় কমিটি। বিষয়টি তদন্তের জন্য সদস্য আসাদুজ্জামান খানকে আহ্বায়ক করে গতকাল পাঁচ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, রাজউক স্বদেশ প্রপার্টিজের স্বর্ণালি প্রকল্প, বিডিডিএলের নতুন ধারা প্রকল্প, ইস্টওয়েস্ট প্রপার্টিজের বারিধারা প্রকল্পের অংশবিশেষ এবং আশিয়ান সিটি ও ইউনাইটেডের অনুকূলে নতুন করে ভূমি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। সংসদীয় কমিটির মতে, এসব প্রকল্প অনুমোদনে রাজউক ভূমি উন্নয়ন বিধিমালা যথাযথভাবে অনুসরণ করেনি। নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রকল্প অনুমোদনের বিষয়ে রাজউক যে বক্তব্য দিয়েছে, তাতে কমিটি সন্তুষ্ট নয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আব্দুছ ছাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী এবং সাফিয়া খাতুন।