বাণিজ্যিক ব্যবধান কমাতে চীনের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে অব্যাহত সহায়তা ও সমর্থন দেওয়ার জন্য রাষ্ট্রপতি চীনকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান। খবর বাসসের।
রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও পাট ও পাটজাত পণ্য আমদানি করে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনার
চীন সরকারের আশ্বাসের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি মিয়ানমারের মধ্য দিয়ে চীনের সঙ্গে স্থল যোগাযোগ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি সম্প্রতি তাঁর চীন সফরের কথা স্মরণ করে বলেন, এ সময় চীনের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন সহায়তা অব্যাহত রাখবে বলে মা মিংকিয়াং রাষ্ট্রপতিকে আশ্বাস দেন।
তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের পঞ্চম (২০১৫ সালের প্রথম) অধিবেশনে গৃহীত তিনটি বিলে গতকাল তাঁর সম্মতি জ্ঞাপন করেছেন।
বিল তিনটি হচ্ছে মেট্রোরেল বিল, ২০১৫; বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, ২০১৫ এবং বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১৫।